আপটায় যুক্ত হচ্ছে মঙ্গোলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (আপটা) সঙ্গে নতুন দেশ হিসেবে যুক্ত হচ্ছে মঙ্গোলিয়া। নতুন দেশসহ আপটার সঙ্গে যুক্ত থাকা দেশের সংখ্যা হচ্ছে ৭।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভায় নিয়মিত বৈঠকে আপটার দ্বিতীয় সংশোধনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সভার সিদ্ধান্ত জানান। তিনি বলেন, সদস্যভুক্ত সব দেশ এই খসড়ার অনুমোদন দিলে আগামী ১৩ জানুয়ারি আপটার সভায় এই চুক্তি সই হবে। তিনি জানান, আফটার যুক্ত থাকা ছয়টি দেশ হলো বাংলাদেশ, ভারত, লাওস, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও চীন।

এ চুক্তির আওতায় আপটার সদস্যভুক্ত দেশগুলো একে অপরের নির্ধারিত পণ্যের শুল্ক ছাড় দিয়ে থাকে। নতুন যুক্ত হতে যাওয়া দেশ মঙ্গোলিয়া ৩৩৩টি পণ্যের বিভিন্ন হারে শুল্ক ছাড় দেবে।