বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য সরকারের তৈরি ১২৯ জন বিশ্ববরেণ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা দেখে বিস্মিত হয়েছেন ত্রিপুরার বুদ্ধিজীবীরা। তাঁরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়ে তাঁদের আপত্তির কথা জানিয়েছেন। ইতিমধ্যে ত্রিপুরার কংগ্রেস নেতারা তাঁদের আপত্তির কথা জানিয়েছেন।গত সোমবার ত্রিপুরার ৪০ জন বুদ্ধিজীবী স্বাক্ষরিত একটি চিঠি আগরতলায় বাংলাদেশ ভিসা কর্মকর্তার মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর দেওয়া হয়।বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বিশ্বের ১২৯ জন বিশ্ববরেণ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২৭ মার্চ বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের নাম থাকায় রাজ্যের কংগ্রেস নেতারা প্রবল আপত্তি তোলেন।শেখ হাসিনাকে লেখা চিঠিতে বলা হয়, মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন ত্রিপুরার এমন অনেক ব্যক্তিকে বাংলাদেশ সঠিকভাবে মূল্যায়ন করেনি। তাঁরা বেশ কিছু ব্যক্তির নামও উল্ল্লেখ করেন।চিঠিতে স্বাক্ষরকারী বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন আইনজীবী কল্যাণব্রত চক্রবর্তী, লেখক রবীন্দ্র কিশোর দেববর্মণ, অমর রঞ্জন গুপ্ত, অজিত রায়, প্রদীপ দে, সাবেক মন্ত্রী বাসনা চক্রবর্তী, মানিক সেন, রতন দেব প্রমুখ। বাংলাদেশ সরকারের তালিকায় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয়সহ অন্যান্য রাজ্যের ১৮ জন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন: লেখক অন্নদাশঙ্কর রায়, সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়, জ্যোতি বসু, মাদার তেরেসা, গায়ক অংশুমান রায়, বেতার ভাষ্যকার দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, দিলীপ চক্রবর্তী, জাস্টিস মাসুদ, রথীন দত্ত, গোলকবিহারী মজুমদার প্রমুখ।তবে ত্রিপুরা সরকার গত মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে , মুক্তিযুদ্ধে মানিক সরকারের ভূমিকাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের। এতে ত্রিপুরা সরকারের প্রভাব খাটানোর অভিযোগ অবাস্তব।