আপত্তি প্রত্যাহার পশ্চিমবঙ্গ ও আসাম বিজেপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময় চুক্তি সইয়ের ব্যাপারে আপত্তি তুলে নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম বিজেপির নেতৃত্ব। তবে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে এখনো তারা সিদ্ধান্ত নেয়নি। বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি রাহুল সিনহা গতকাল শনিবার রাতে প্রথম আলোকে এ কথা জানান। 
রাহুল সিনহা বলেন, গত শুক্রবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সভাপতি অমিত শাহর সঙ্গে বৈঠক হয় বিজেপির পশ্চিমবঙ্গ ও আসাম নেতাদের। বৈঠকে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বকে আরও দৃঢ় করার লক্ষ্যে ছিটমহল বিনিময় চুক্তি সইয়ের ব্যাপারে তাঁরা আপত্তি তুলে নেন।
বৈঠকে তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে আলোচনা না হলেও রাহুল সিনহা আশা প্রকাশ করে বলেন, অচিরেই এ চুক্তিও সই হবে। তিনি বলেন, ‘আমরা আশাবাদী, প্রধানমন্ত্রী মোদিজির বাংলাদেশ সফরকালীন ছিটমহল বিনিময় চুক্তি সম্পাদন হবে।’
ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন সাবেক ইউপিএ সরকারের আমলে ছিটমহল বিনিময় ও তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদনের লক্ষ্যে সংবিধান সংশোধনী বিল ভারতীয় সংসদে উত্থাপন করা হয়। তবে পশ্চিমবঙ্গ ও আসামের বিজেপি নেতৃত্বের আপত্তির কারণে বিল পাস করা যায়নি।