আপত্তি সত্ত্বেও ফরদাবাদ বালুমহাল ফের ইজারা দেওয়ার উদ্যোগ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের মতামত ও স্থানীয় জনগণের আপত্তি সত্ত্বেও ফরদাবাদ বালুমহাল নতুন করে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এতে আবারও জমিজমা ও ঘরবাড়ি ভাঙনের আশঙ্কা করছেন উপজেলার ফরদাবাদ গ্রাম ও পার্শ্ববর্তী নবীনগর উপজেলার বাসিন্দারা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪ এপ্রিল জেলা প্রশাসক ও জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবদুল মান্নান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলার ১৭টি বালুমহালের দরপত্র আহ্বান করা হয়। ওই তালিকায় বাঞ্ছারামপুরের মরিচাকান্দি ও চর মরিচাকান্দি, বাহেরচর ও কানাইনগর, জয়কালিপুর পশ্চিম এবং ফরদাবাদ বালুমহালের দরপত্র আহ্বান করা হয়। এতে ছয় একর ফরদাবাদ বালুমহালের প্রাক্কলিত মূল্য ধরা হয় ৫৮ হাজার টাকা।বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, গত বছরের জুলাই মাসে ফরদাবাদ তিতাস নদে বালুমহাল সম্পর্কিত একটি প্রতিবেদন পাঠানো হয় জেলা প্রশাসকের কাছে। এতে বলা হয়, ইজারাদার চুক্তির শর্ত ভঙ্গ করে সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন করায় এলাকাবাসী তাদের বাড়িঘর, জমাজমি ভাঙনের বিষয়ে অব্যাহতভাবে অভিযোগ করছে। ইজারাদার সীমানা অতিক্রম করে পাশের নবীনগর উপজেলার ভিটিবিশারা মৌজার সীমানা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সরেজমিনে তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ভিটিবিশারা বাঞ্ছারামপুর উপজেলার প্রশাসনিক সীমানার বাইরে হওয়ায় ইজারাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। প্রতিবেদনে আরও বলা হয়, অস্বাভাবিক গভীরতায় নদী খননের ফলে নদীভাঙন ও ঘরবাড়ি ভাঙনের আশঙ্কা রয়েছে। ইজারাদার স্থানীয় জনগণের মাটি কেটে নিচ্ছেন। শর্ত ভঙ্গ করে বালু উত্তোলনের ফলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিবেদনের শেষে ফরদাবাদের ছোট বালুমহালটি ভবিষ্যতে ইজারা না দেওয়া বা মহালটি বিলুপ্তির বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে মত দেন ইউএনও শোয়াইব আহমাদ খান।স্থানীয় প্রশাসনের মতামত ও এলাকাবাসীর আপত্তি সত্ত্বেও ফরদাবাদ বালুমহালটি আবার ইজারা দেওয়ার লক্ষ্যে দরপত্র আহ্বান করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।সরেজমিনে ফরদাবাদ তিতাস নদ এলাকা ঘুরে দেখা গেছে, বালু উত্তোলন অংশের নদীর পূর্ব পাড়ে ভাঙন শুরু হয়ে গেছে। নিজের নিচু জমি হারিয়ে দরিদ্র হোসনে আরা বেগম দিশেহারা হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘আমার বোরো দানের জমিডা গাঙ্গে লইয়া গেছে, নদী থেইক্কা বালু তুইল্লা আমার কপালডা পুরছে।’ইউএনও শোয়াইব আহমাদ খান বলেন, এলাকার কৃষকদের সেচ-সুবিধার কথা বিবেচনা করে সীমিত আকারে ফরদাবাদের তিতাস নদ থেকে বালু উত্তোলনের কথা বলা হয়েছিল। এখন সে অবস্থা নেই। এখন এই নদী থেকে বালু উত্তোলন করলে এলাকাবাসীর কৃষিজমি এবং বাড়িঘর ভেঙে যাবে।জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, ফরদাবাদের তিতাস নদে ছয় একর বালুমহালটি ভূমি মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় দরপত্র আহ্বান করা হয়েছে। তবে বালু উত্তোলনের ফলে এলাকাবাসীর কোনো ক্ষতি হলে বালুমহাল তালিকা থেকে বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে। ইউএনও শোয়াইবের প্রতিবেদনের ব্যাপারে জেলা প্রশাসক বলেন, সব বিষয় আমার পক্ষে দেখা সম্ভব নয়।