আপত্তি সত্ত্বেও বিশ্ববিদ্যালয় ঘেঁষে নির্মিত হচ্ছে কারখানা
গাজীপুরের সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মাত্র কয়েক গজ দূরে সীমানাপ্রাচীর ঘেঁষে গড়ে তোলা হচ্ছে টেক্সটাইল কারখানা। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে আপত্তি তুলে বিভিন্ন দপ্তরে লিখিত ও মৌখিক অভিযোগ জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কার্যকর পদক্ষেপ নেয়নি।বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, সেখানে সীমানাপ্রাচীর ও মাটি ভরাটের কাজ চলছে। স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রামের মো. ইউনুস আহমেদের মালিকানাধীন ইউনুস গ্রুপ টেক্সটাইল কারখানাটি তৈরি করছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কারখানাটি নির্মাণের বিরুদ্ধে আপত্তি জানিয়ে সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। সর্বশেষ গত ১০ নভেম্বর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব বরাবর এ ব্যাপারে লিখিত আবেদন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল কালাম আজাদ। সূত্র আরও জানায়, বিশ্ববিদ্যালয়ের আশপাশে প্রীতি গ্রুপ, সাংকোয়াং, হুদা উইন্ড্রি ফ্যাশন, ডটকম সুয়েটারসহ বেশ কয়েকটি শিল্পকারখানা গড়ে উঠেছে। এসব শিল্পপ্রতিষ্ঠানের নিজস্ব বর্জ্যব্যবস্থাপনা ইউনিট নেই। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে ক্যাম্পাসের ভেতর দিয়ে পানি নিষ্কাশনের নালা করা হয়েছে। কিন্তু ওই সব শিল্পকারখানার বর্জ্য এই নালা দিয়ে নিষ্কাশনের ব্যবস্থা করেছে কারখানার মালিকেরা। ফলে ক্যাম্পাসের পরিবেশ দূষিত ও গবেষণাকাজ ভীষণভাবে ব্যাহত হচ্ছে। তার ওপর বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর ঘেঁষে আবার ওই টেক্সটাইল কারখানা গড়ে তোলা হচ্ছে। মিলটি চালু হলে এর শব্দদূষণে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হবে বলে অনেকে আশঙ্কা করছেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ গিয়াস উদ্দীন মিয়া জানান, শিক্ষাপ্রতিষ্ঠান আর শিল্পকারখানা একসঙ্গে চলতে পারে না। এমনিতেই বিশ্ববিদ্যালয়ের চারপাশে বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হচ্ছে। তার ওপর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছে সীমানাপ্রাচীর ঘেঁষে আরেকটি কারখানা তৈরির কাজ চলছে। এ কারখানার কারণে ক্যাম্পাসের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হবে। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গা দরকার। কিন্তু এমন অপরিকল্পিতভাবে শিল্পকারখানা গড়ে উঠলে ভবিষ্যতে ক্যাম্পাসের আয়তন বাড়ানো সম্ভব হবে না।উপাচার্য আব্দুল মান্নান আকন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশে কোনো শিল্পকারখানা হতে পারে না। এটা হলে শিক্ষার্থীদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়বে। তা ছাড়া কৃষিবিষয়ক বিভিন্ন গবেষণাকাজে মারাত্মক সমস্যা সৃষ্টি হবে। বিষয়টি নিয়ে পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়েছে। এ ছাড়া ওই টেক্সটাইল কারখানার কর্তৃপক্ষকেও মৌখিকভাবে আপত্তির কথা জানানো হয়েছে। যেকোনো মূল্যে এটা প্রতিহত করা হবে। এ ব্যাপারে ইউনুস আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে কারখানার কাজ দেখাশোনার কাছে নিয়োজিত প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, সব অনুমোদন নিয়েই তাঁরা টেক্সটাইল মিল তৈরির কাছ শুরু করেছেন।