আপত্তি সত্ত্বেও সওজের জমি খাস খতিয়ানভুক্ত, জবরদখল শুরু!
ঢাকার ধামরাই এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) মালিকানাধীন প্রায় ৩০ বিঘা জমি খাস খতিয়ানভুক্ত করা হয়েছে। সওজ কর্তৃপক্ষের প্রবল আপত্তি সত্ত্বেও ওই জমি খাস খতিয়ানভুক্ত করে জেলা প্রশাসন। ইতিমধ্যে স্থানীয় প্রভাবশালীরা ওই জমি দখলে নিতে শুরু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মানিকগঞ্জের পাটুরিয়া থেকে সাভারের নবীনগর হয়ে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত মানিকগঞ্জ সওজের আওতাধীন। মানিকগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়ক নির্মাণের সময় ইটভাটার জন্য সড়কসংলগ্ন লাকুরিয়াপাড়া, বড় চন্দ্রাইল, ছোট চন্দ্রাইল, সুতিপাড়া ও ছোট কালামপুর মৌজায় প্রায় ৫৫ বিঘা জমি অধিগ্রহণ করা হয়। সড়ক নির্মাণের পর ওই জমি সওজের দখলে ছিল। সওজ কর্তৃপক্ষ নানা প্রয়োজনে তা ব্যবহার করছিল। সূত্র জানায়, ঢাকার জেলা প্রশাসক মো. মহিবুল হক গত বছরের ১৩ সেপ্টেম্বর সওজের মালিকানাধীন ওই ৫৫ বিঘা জমি কেন খাস খতিয়ানভুক্ত করা হবে না—তা জানতে চেয়ে মানিকগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খানের কাছে পত্র পাঠান। জবাবে নির্বাহী প্রকৌশলী ঢাকা-আরিচা মহাসড়ক চার লেনে উন্নীত করার সময় ওই জমির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তা খাস খতিয়ানভুক্ত করতে আপত্তি জানান। তা সত্ত্বেও প্রায় ৩০ বিঘা জমি খাস খতিয়ানভুক্ত করা হয়। ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের অনুকূলে অধিগ্রহণ করা অব্যবহূত অতিরিক্ত ভূমি পুনর্গ্রহণ-সম্পর্কিত (রিজিউম) জেলা কমিটির সভা গত বছরের ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই সভায় জেলা প্রশাসন ও সওজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সওজ কর্তৃপক্ষের প্রবল আপত্তি সত্ত্বেও ছোট কালামপুর ও সুতিপাড়া মৌজায় সওজের মালিকানাধীন প্রায় ৩০ বিঘা জমি খাস খতিয়ানভুক্ত করা হয়। এমনকি ওই জমি খাস করার সংগত কারণও সভায় উপস্থাপন করতে পারেনি জেলা প্রশাসন। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতার তদবিরেই সওজের মালিকানাধীন ওই জমি খাস খতিয়ানভুক্ত করার উদ্যোগ নেয় জেলা প্রশাসন। সেই ব্যক্তিরা ইতিমধ্যে ওই জমি জেলা প্রশাসন থেকে বন্দোবস্ত নেওয়ার পাঁয়তারা শুরু করেছেন।ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাসস্ট্যান্ড থেকে ৫০ গজ এগোলেই মহাসড়কের পাশে ওই জমির অবস্থান। এই জমির একাংশে রয়েছে এসবি ব্রিকস নামের একটি ইটভাটা। বাকি জমি অব্যবহূত। স্থানীয় কয়েক ব্যক্তি জানান, খাস খতিয়ানভুক্ত করার পর ইটভাটা কর্তৃপক্ষ দিন দিন দখল বাড়াচ্ছে। কিন্তু জেলা ও উপজেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভাটার মালিক ফয়েজ আহামেদ জানান, জমির মালিক হিসেবে পরিচয় দেওয়া স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে তিনি বাৎসরিক ইজারা নিয়ে ইটভাটা করেছেন। জমির প্রকৃত মালিক সওজ বা জেলা প্রশাসন কি না, তা তাঁর জানা নেই বলে দাবি করেন ফয়েজ। মানিকগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান বলেন, ধামরাইয়ের বিভিন্ন এলাকায় শত শত একর খাসজমি রয়েছে, যার অধিকাংশই অবৈধ দখলে রয়েছে। জেলা প্রশাসন ওই দখলদারদের উচ্ছেদ না করে সওজের জমি খাস খতিয়ানভুক্ত করল, যা ইতিমধ্যেই প্রভাবশালীরা জবরদখলে নিতে শুরু করেছেন। তিনি বলেন, খুব শিগগির ঢাকা-আরিচা মহাসড়ক চার লেনে উন্নীত হবে। তখন ওই জমি প্রয়োজন হবে। বিষয়টি জানিয়ে আপত্তি জানানোর পরও সংগত কারণ ছাড়াই সওজের জমি খাস খতিয়ানভুক্ত করা হয়। এ প্রসঙ্গে ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকসুদা হোসাইন প্রথম আলোকে বলেন, কালামপুরের ভালুম মৌজায় খাস খতিয়ানভুক্ত জমি অবৈধ দখলমুক্ত করতে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু জেলা প্রশাসন থেকে কোনো সাড়া না পাওয়ায় উচ্ছেদ-প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি। কালামপুর এলাকায় নতুন করে খাস খতিয়ানভুক্ত জমি জবরদখল হতে শুরু হওয়ার বিষয়টিও নিশ্চিত করেন ইউএনও। ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক জানান, অধিগ্রহণ করা জমি দীর্ঘদিন ধরে অব্যবহূত থাকায় নিয়মানুযায়ী ওই জমি খাস খতিয়ানভুক্ত করা হয়েছে। আপাতত কোনো প্রয়োজন না থাকলেও ভবিষ্যতে প্রয়োজন হবে। কোনো প্রভাবশালীর তদবিরে জমি খাস করা হয়নি বলে তিনি দাবি করেন।