আপত্তিকর আচরণ, শিক্ষককে সাত দিন স্কুলে নিষিদ্ধ!
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শ্রেণীকক্ষে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার কারণ দর্শাও নোটিশ দিয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটি। একই সঙ্গে তাঁকে আগামী সাত দিন বিদ্যালয়ে আসা নিষেধ করে দেওয়া হয়েছে।অভিযোগ ওঠা শিক্ষক ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ছাড়া তিনি উপজেলা কৃষক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।বড়চওনা উচ্চবিদ্যালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৬ জুন অষ্টম শ্রেণীর বিশেষ ক্লাসে পড়াচ্ছিলেন বিদ্যালয়ের ওই সহকারী শিক্ষক। শ্রেণীকক্ষের বেঞ্চে বসে পাঠদানের একপর্যায়ে তিনি পড়া না শেখার অভিযোগে এক ছাত্রীকে তাঁর পাশে বসান। এ সময় হাসি-তামাশার ভান করে তিনি ওই ছাত্রীকে জাপটে ধরে আপত্তিকর আচরণ করেন। ক্লাস শেষে ওই ছাত্রী ও তার সহপাঠীরা বিদ্যালয়ের শিক্ষিকা তাসমিনা আক্তারকে বিষয়টি জানায়।শিক্ষিকা তাসমিনা জানান, মেয়েটি কান্নাকাটি করে তাঁকে বিষয়টি জানায়। এরপর তিনি তাকে সান্ত্বনা দিয়ে বিষয়টি আর কাউকে না জানাতে অনুরোধ করেন। ছাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক পরের দিন ওই শিক্ষককে অষ্টম শ্রেণীর ক্লাস থেকে প্রত্যাহার করে নেন। এরপর শিক্ষক ওই ছাত্রীকে নানা হুমকিধমকি দেন। ফলে মেয়েটি তার বাবাকে ঘটনাটি জানায়। ছাত্রীর বাবা গত রোববার বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতির কাছে ওই শিক্ষকের বিচারের দাবিতে একটি আবেদন করেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফাজ উদ্দিন প্রথম আলোকে জানান, মেয়ের বাবার লিখিত অভিযোগ পেয়ে গতকাল জরুরি সভা ডেকে ওই শিক্ষককে সাত দিনের মধ্যে অভিযোগের বিষয়ে জবাব দিতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবদুল হালিম জানান, অভিযোগ ওঠা ওই শিক্ষককে আগামী সাত দিন বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে।এ ব্যাপারে সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ‘অভিযোগের বিষয়টি শুনেছি। তদন্তে প্রমাণিত হলে অবশ্যই ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’তবে ওই শিক্ষক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমার বিপরীত রাজনীতি করেন। তাই তিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছেন।’