আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বগুড়ার শেরপুরে এক কিশোরীর সঙ্গে জোরপূর্বক আপত্তিকর ছবি তুলে তা বিভিন্ন ব্যক্তির কাছে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ গত শুক্রবার নিতাই মালাকার (৩০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে। নিতাই উপজেলার বেতগাড়ী সাহাপাড়া গ্রামের হরিদাস মালাকারের ছেলে।শুক্রবার রাতে শেরপুর থানায় ওই কিশোরীর দেওয়া লিখিত অভিযোগে জানা গেছে, নিতাই মালাকারের বিয়ের প্রস্তাব সে প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে নিতাই বছর খানেক ধরে তাকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করছিলেন। এ ঘটনা শুনলে মা-বাবা লেখাপড়া বন্ধ করে দিতে পারেন, এই আশঙ্কায় সে তা বাড়ির কাউকে জানায়নি।অভিযোগে আরও জানা গেছে, গত ১৫ আগস্ট কিশোরীর মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে নিতাই তাদের বাড়িতে ঢুকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক মুঠোফোনে তাঁর সঙ্গে কিছু আপত্তিকর ছবি তোলেন। পরে তিনি ছবিগুলো এলাকার কিছু লোকের মুঠোফোন এবং ভিডিওর দোকানে ছড়িয়ে দেন।কিশোরীর বাবা বলেন, মেয়েটি এখন লজ্জায় ঘরে বসে থাকে। বাড়ির লোকজনের সঙ্গে ঠিকমতো কথাও বলে না। সারাক্ষণ ঘরে বসে কান্নাকাটি করে। তার লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু জাররা জানান, নিতাই জানিয়েছেন তিনি ওই মেয়েকে ভালোবাসতেন। তিনি তাঁর মুঠোফোনে মেয়েটির সঙ্গে আপত্তিকর ছবি তোলার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।