আপত্তিকর ছবি তৈরি করে চাঁদা দাবি গ্রেপ্তার ১
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় এক গৃহবধূর মুখমণ্ডলের ছবি কেটে তা আপত্তিকর ছবির সঙ্গে জুড়ে দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এক ব্যক্তি। এ ব্যাপারে থানায় মামলার পর গত সোমবার রাতে মো. আবদুল হান্নান (৪২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।হান্নানের বাড়ি ইমামপুর ইউনিয়নের দৌলতপুর আটআনি গ্রামে। তাঁর স্ত্রী ও চার সন্তান রয়েছেন।পুলিশ জানায়, কম্পিউটারে কারসাজির মাধ্যমে আপত্তিকর ছবি তৈরি করে হান্নান ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় লজ্জায় ও অপমানে ওই গৃহবধূ কয়েক দফা আত্মহত্যার চেষ্টা করেন। ওই গৃহবধূর স্বামী ছবি ফেরত চাইলে তাঁকে হত্যার হুমকি দেন হান্নান।এ ব্যাপারে গৃহবধূর স্বামী গত সোমবার গজারিয়া থানায় একটি মামলা করেন। পুলিশ রাতেই হান্নানকে গ্রেপ্তার করে তাঁর মুঠোফোন জব্দ করে। গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদউদ্দিন বিকেলে প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে হান্নান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। হান্নানকে আদালত জেলহাজতে পাঠিয়েছেন।