আপত্তিকর প্রচারপত্র
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের দাবিতে ঢাকার শাহবাগের প্রজন্ম চত্বরে আন্দোলনকারীদের বিরুদ্ধে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাংলাদেশ ইন্টারনেট অ্যাকটিভিস্ট ফোরাম নামের একটি গোষ্ঠী প্রচারপত্র বিতরণ করছে। দু-তিন দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় আপত্তিকর এসব প্রচারপত্র সাধারণ মানুষ বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে।বিতরণ করা এসব প্রচারপত্রে মসজিদের খতিব, ইমাম ও মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ‘ইন্টারনেটে ইসলামবিদ্বেষী এরা কারা?’ শিরোনামে এ প্রচারপত্রে শাহবাগ আন্দোলনের উদ্যোক্তা কয়েকজন অনলাইন অ্যাকটিভিস্টের ছবিসহ তাঁদের নামে নানা আপত্তিকর লেখা ছাপানো হয়েছে। এ ছাড়া ছোট ছোট কাগজে কম্পোজ করে ‘ধর্মদ্রোহীদের ঘৃণা করি’ কথাটি মানুষের হাতে হাতে দেওয়া হচ্ছে। প্রচারপত্রটি পড়ে ফটোকপি করে আরও বিতরণ করার আহ্বান জানানো হয়েছে। লক্ষ্মীকোলা এলাকার আজমল হোসেন বলেন, এমন প্রচারপত্র বিতরণকারীদের প্রতিরোধ করা দরকার।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, এ কাজের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।