বিচারাধীন বিষয়ে আপত্তিকর প্রতিবেদন বা অনুষ্ঠান প্রচার থেকে বিরত থাকার জন্য বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজ ও রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার এ আদেশ দেন।জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাটি এখনো বিচারাধীন উল্লেখ করে ট্রাইব্যুনাল আদেশে বলেন, ‘বিচারাধীন বিষয়ে মন্তব্য করার এবং কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয় এমন আপত্তিকর প্রতিবেদন বা অনুষ্ঠান প্রচার করার অধিকার কারও নেই। এ জন্য বিচারাধীন বিষয়ে এ ধরনের প্রতিবেদন প্রচার করা থেকে তাদের (এটিএন নিউজ ও বিটিভি) বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।’গত বছরের ২৫ ডিসেম্বর এটিএন নিউজে এবং চলতি বছরের ১ জানুয়ারি বিটিভিতে সাঈদীর বিরুদ্ধে প্রতিবেদন প্রচারিত হয়। এর পরিপ্রেক্ষিতে এটিএন নিউজের প্রতিবেদক মাশহুদুল হক এবং বিটিভির মহাপরিচালক ম. হামিদ ও প্রতিবেদক সুজন হালদারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন সাঈদী। ১০ জানুয়ারি এ আবেদনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, এটিএন নিউজের ‘ফলোআপ’ শীর্ষক অনুষ্ঠানে সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন এমন ছয়জনের সাক্ষাৎকার প্রচার করা হয়েছে। বিটিভির প্রতিবেদনেও রাষ্ট্রপক্ষের একজন সাক্ষীর সাক্ষাৎকার প্রচার করা হয়।