বরিশালে কলেজছাত্রী সুপর্ণা বালার আত্মহননের ঘটনায় দায়ের করা মামলায় আপত্তিকর ভিডিওচিত্র ধারণকারী নজরুল ইসলাম ওরফে নয়নকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।গতকাল বুধবার বরিশাল জ্যেষ্ঠ মহানগর হাকিম আদালতে হাজির করে নজরুলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়।সুপর্ণার স্বামী কামনা আশীষ মণ্ডল মঙ্গলবার রাতে বাদী হয়ে নজরুলকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বরিশাল কোতোয়ালি থানায় মামলা করেছেন। এদিন সকালে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ থেকে গ্রেপ্তার হন নজরুল।এদিকে সুপর্ণার মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুপর্ণার বাবা সুবল চন্দ্র মরদেহ গ্রহণ করে মঙ্গলবার রাতে গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি থানার লক্ষ্মীখালীতে নিয়ে যান।এদিকে সুপর্ণার পরিবারকে আইনি সহায়তা দেবে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল শাখা। পরিষদের আইনি সহায়তা সম্পাদিকা প্রতিমা সরকার প্রথম আলোকে বলেন, পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, নজরুলকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হলেও আজ (গতকাল) সন্ধ্যা পর্যন্ত আবেদন মঞ্জুর হয়নি।জোর করে তোলা আপত্তিকর ভিডিওচিত্র মুঠোফোনে ছড়িয়ে দেওয়ায় ক্ষোভে ও ঘৃণায় সোমবার রাতে আত্মহত্যা করেন বিএম কলেজের গণিত বিষয়ের তৃতীয় বর্ষের ছাত্রী সুপর্ণা বালা (২২)।