আপত্তিকর লিফলেট বিলি দুই ইমাম গ্রেপ্তার, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে লিফলেট বিতরণ করার অভিযোগে গত শনিবার দুই ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে গতকাল রোববার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বোয়ালমারী পৌর এলাকার বায়তুল হাম্দ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও ছোলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মওলানা আবুল হাসান (৫২) এবং গুণবাহা তালতলা মসজিদের ইমাম মো. রবিউল ইসলাম (৩২)। তাঁদের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার নওখোলা গ্রামে।

বোয়ালমারী থানা সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আবুল হাসানকে গুণবাহারের ভাড়াবাসা ও রবিউল ইসলামকে তালতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর লিফলেট বিতরণের অভিযোগে ওই দুই ইমামকে গ্রেপ্তার করা হয়েছে।