আপত্তির মুখেই রাঙামাটি বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু

সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতিসহ কয়েকটি আঞ্চলিক রাজনৈতিক দল ও ছাত্র-যুব সংগঠনের প্রবল আপত্তির মুখে আজ সোমবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যা থেকেই রাঙামাটি শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, শহরের তবলছড়ি এলাকার শাহ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়টির পাঠদান কার্যক্রম শুরু হয়।
সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিসহ পাহাড়িদের নেতৃত্বাধীন বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র ও যুব এবং সামাজিক সংগঠন রাঙামাটিতে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করে আসছে। তাদের দাবি, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থগিত রাখা হোক। এ দাবিতে প্রায় দুই বছর ধরে তারা আন্দোলন করে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, গতকাল সন্ধ্যার দিকে শাহ উচ্চ বিদ্যালয় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। এর কিছুক্ষণ পর সেখানে স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যান। এ সময় খবর নিয়ে তাঁরা জানতে পারেন, আজ থেকে বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে।
সকালে সরেজমিনে দেখা গেছে, জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার কল্যাণপুরের বাসভবনের সামনের গলিসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের বিরোধিতাকারীদের তৎপরতা দেখা যায়নি।
গতকাল রাত নয়টার দিকে জনসংহতি সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ‘রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার ফলে সরকার পার্বত্য চট্টগ্রামে আরেকটি সংঘাতের ক্ষেত্র পার্বত্যবাসীর ওপর চাপিয়ে দিচ্ছে। জনমতকে উপেক্ষা করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী তথা রাষ্ট্রযন্ত্রের পেশিশক্তি দিয়ে কোনো প্রকল্প বাস্তবায়ন করা সরকারের ফ্যাসিবাদী মানসিকতারই বহিঃপ্রকাশ। ব্যাপক জনমতের বিপরীতে বিতর্কিত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করার ফল কখনোই শুভ হতে পারে না।’