আপন করে নিয়েছে 'আপন নিবাস'

কেউ হয়তো রাস্তায় পড়ে ছিলেন, কেউ মাজারে। দ্বারে দ্বারে ভিক্ষা করে দিন চলত অনেকের। কোনো দিন হয়তো একবেলা খাবার পর্যন্ত জুটত না। প্রচণ্ড অসুস্থতা নিয়ে কেউ হয়তো কাঁপছিলেন হাসপাতালের পাশে। এমন অসহায়, দুস্থ নারীদের পাশে দাঁড়িয়েছে একটি বৃদ্ধাশ্রম। যাঁদের কেউ নেই, সেই সব অসহায় বৃদ্ধাকে আপন করে নিয়েছে ‘আপন নিবাস’ নামের এই বৃদ্ধাশ্রম।
রাজধানীর উত্তরখান ইউনিয়ন পরিষদের মৈনারটেক এলাকায় অসহায় ও দুস্থ নারীদের জন্য বৃদ্ধাশ্রম। এখন ২৫ জন নারী বাস করছেন। তাঁদের বয়স ৬০ থেকে ৭০ বছরের বেশি। তাঁদের কারও কারও শারীরিক সামর্থ্য নেই। আশ্রমই তাঁদের ভরসা।
২০১০ সালে সৈয়দা সেলিনা শেলী নামের এক নারী ব্যক্তিগত উদ্যোগে এই বৃদ্ধাশ্রমটির কাজ শুরু করেন। আশ্রিত ছিলেন সাতজন। শুরুতে আশ্রম চলত মুষ্টিচাল সংগ্রহের মাধ্যমে। উত্তরখান ইউনিয়ন ও আশপাশের গ্রামগুলো থেকে চলত চাল সংগ্রহ। এর কোনো নির্দিষ্ট সহায়তাকারী বা দাতা নেই। আশ্রমটির উদ্যোক্তা সেলিনা শেলীর ব্যক্তিগত অর্থায়নেই চলছে এখন। মাঝেমধ্যে তাঁর পরিচিত ব্যক্তিরা আর্থিক সাহায্যে এগিয়ে আসেন। মাসের কোনো একদিন খাবার নিয়ে চলে আসেন কেউ কেউ। সবাইকে খাইয়ে দিয়ে যান। তবে খাবারের অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি।
বৃদ্ধাদের প্রতিদিনের খাবারের দুশ্চিন্তা দূর করতে পৃথকভাবে একেকটি দিনের খাবারের জন্য দাতা খুঁজছেন আশ্রমের উদ্যোক্তারা। একেকজন দাতাকে একেক দিনের খাবারের খরচ বাবদ ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা দিতে হবে। তবে দাতা নিজে যদি এর বাইরে আশ্রমের সদস্যদের ভালো খাবারের ব্যবস্থা করতে চান, তবে তা করতে পারেন। আশ্রম কর্তৃপক্ষের তথ্যমতে, এ পর্যন্ত এমন পাঁচজন দাতা পাওয়া গেছে।
আশ্রমের এক বাসিন্দা সালেহা খাতুনের বয়স ৮০ ছুঁই ছুঁই। পাঁচ বছর আগে স্বামীর জানাজায় শেষবার বাড়ি গিয়েছিলেন বরিশালের এই বৃদ্ধা। এরপর বাড়ি ফেরা হয়নি তাঁর। বাড়ি যেতে মন চায় কি না? জানতে চাইলে অনেকটা অভিমানের সুরেই তিনি বলেন, ‘এইখানেই ভালো। আফায় খুব ভালো রাখসে।’ আত্মীয়স্বজন, সন্তান, পরিবার, নাতি-নাতনি কাউকে কাছে পান না আশ্রমের বাসিন্দারা।
আশ্রমের আরেকজন প্রবীণ সদস্য রিনা খালা। আশ্রম শুরুর সাত আশ্রিতার একজন তিনি। একে একে গত পাঁচ বছর আশ্রমের সবার সঙ্গে হাসিমুখেই ভাগ করে নিয়েছেন। কোনো দুঃখ নেই মনে।
আশ্রমে বিদ্যুৎ-সংযোগ নেই। একটি ১০০ ওয়াটের সোলার আছে। এক ব্যক্তির দান করা। বয়স্ক নারীদের অনেকেই অসুস্থ। কারও হাঁপানি, কেউ বুদ্ধিপ্রতিবন্ধী, কারও ক্যানসার। উচ্চ রক্তচাপ, মাথাব্যথা, সর্দি-কাশি প্রভৃতি সমস্যা তো আছেই। প্রতি মাসে একেকজনের তিন থেকে পাঁচ হাজার টাকার ওষুধ লাগে। বয়স বেশি হওয়ার কারণে অনেকেই সব ধরনের খাবার খেতে পারেন না। পুষ্টিকর খাবারের প্রয়োজন। কিন্তু সব সমস্যা মিটিয়ে সবাইকে ভালো খাবার দেওয়ার সামর্থ্যও সব সময় কর্তৃপক্ষের থাকে না।
অতীতে নিজ পরিবারের স্মৃতি মনে করে চোখের জল মুছতে থাকেন ধোবাদিয়ার লালমতি। দুই ছেলের জননী তিনি। দুই ছেলেই দিনমজুর খাটেন। কোনো রকমে তাঁদের সংসার চলে। তাই মাকে রেখে গেছেন বৃদ্ধাশ্রমে। নিজের বাড়ি যেতে খুব ইচ্ছা করে লালমতির। কিন্তু ছেলেদের অবস্থার কথা ভেবে সেই ইচ্ছা দমন করেন।
মৈনারটেকের একটি ভাড়া বাসায় রাখা হয় বৃদ্ধাদের। প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দা সেলিনা শেলী প্রথম আলোকে বলেন, আশ্রমের সাহায্যে এখন অনেকেই এগিয়ে আসছেন। অনেকেই খাবার রান্না করে নিয়ে আসেন। নিজের হাতে খাইয়ে দিয়ে যান, সেবা করেন। তবে বৃদ্ধাশ্রমের একটি নিজস্ব ভবন আর নিয়মিত সহায়তা পেলে অসহায় প্রবীণ মানুষগুলো আরও একটু ভালো থাকতে পারতেন।