বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি শাফাত আহমেদের বাবা দিলদার আহমেদসহ আপন জুয়েলার্সের তিন মালিকের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগে পাঁচটি মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শুল্ক গোয়েন্দারা শাহজালাল বিমানবন্দর-সংলগ্ন ঢাকা কাস্টম হাউসে এই পাঁচটি মামলা করেন।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, শুল্ক ফাঁকির অভিযোগে আপন জুয়েলার্সের উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারের তিনটি বিক্রয়কেন্দ্রের মালিক হিসেবে দিলদার আহমেদের বিরুদ্ধে তিনটি, সুবাস্ত টাওয়ারের একটি বিক্রয়কেন্দ্রের মালিক গুলজার আহমেদ এবং গুলশানের ডিসিসি মার্কেটের একটি বিক্রয়কেন্দ্রের মালিক আজাদ আহমেদের বিরুদ্ধে একটি করে মামলা করা হয়। তিনজন মালিকই সহোদর।
দিলদার আহমেদের ‘অবৈধ সম্পদ’ খুঁজতে তাঁর প্রতিষ্ঠানের পাঁচটি বিক্রয়কেন্দ্রে গত ১৪ ও ১৫ মে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। প্রতিষ্ঠানটির গুলশান ডিসিসি মার্কেট, গুলশান এভিনিউ, উত্তরা, সীমান্ত স্কয়ার ও মৌচাকের ৫টি শোরুমে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৩ মণ সোনার গয়না (৫৪০ কেজি) ও ৪২৭ গ্রাম হীরা সাময়িকভাবে জব্দ করা হয়। এগুলোর আমদানি ও ক্রয়-সংক্রান্ত নথিপত্র দেখাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। পরে ৪ জুন শুল্ক গোয়েন্দারা জব্দের তালিকা করার সময় ওই সব বিক্রয়কেন্দ্রে আরও অবৈধ ৭৩ কেজি সোনার গয়না ও মার্কিন মুদ্রা পায়। আপন জুয়েলার্সের ৫টি বিক্রয়কেন্দ্র থেকে ওই দিন ৬১৩ কেজি সোনা, মার্কিন ডলারসহ ৬০ লাখ ৪৭ হাজার টাকা জব্দ করে বাংলাদেশ ব্যাংকের ভল্টে পাঠানো হয়।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বলেন, আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে মানি লন্ডারিং, সোনা চোরাচালান ও দুর্নীতি দমন আইনে মামলা করা হবে। এ ছাড়া আয়কর ও ভ্যাট ফাঁকি দিয়ে ব্যবসা করার অভিযোগে ভ্যাট ফাঁকি আইনেও তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।