আপন জুয়েলার্সের ৮৫ গ্রাহককে স্বর্ণালংকার ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপন জুয়েলার্সে মেরামতের জন্য রক্ষিত ৮৫ জন গ্রাহকের সোনার গয়না গতকাল সোমবার ফেরত দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। রাজধানীতে আপন জুয়েলার্সের পাঁচটি শাখায় অধিদপ্তরের কর্মকর্তারা এই স্বর্ণালংকার ফেরত দেন।
গতকাল অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলার প্রধান আসামি শাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। আপন জুয়েলার্স যেসব সোনা ও হীরা বিক্রি করছে, তা সংগ্রহের স্বচ্ছতা নেই এমন অভিযোগে প্রতিষ্ঠানটির পাঁচটি শাখায় ১৪ ও ১৫ মে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ ও ১৫ মে আপন জুয়েলার্সের পাঁচটি শাখায় অভিযান চালিয়ে সাড়ে ১৩ মণ স্বর্ণ ও ৪২৭ গ্রাম হীরা জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। এর মধ্যে ১৮২ জন গ্রাহকের স্বর্ণালংকারও ছিল। গতকাল ৮৫ জন গ্রাহককে ফেরত দেওয়া সোনার পরিমাণ ২ কেজি ৩৩ গ্রাম।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ সোনার সপক্ষে আপন জুয়েলার্সের মালিক পক্ষকে বৈধ দলিল দাখিল ও বক্তব্য দেওয়ার জন্য আজ বেলা ১১টায় সময় নির্ধারণ করা হয়েছে। সোনার বিষয়ে তাঁদের বক্তব্য গ্রহণের পর অবশিষ্ট সোনার বিষয়টি আইনানুগভাবে নিষ্পত্তি করা হবে।