আপনজন খুঁজছে ওরা দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজনের বয়স হবে সাত বছর। কিছু জানতে চাইলেই সে শুধু বলছে, ‘ট্রেন থাকি পড়ে গেছি’। অন্যজনের বয়স পাঁচ বছরের মতো। ‘হারাই গেছি’ ছাড়া আর কিছুই বলতে পারছে না সে।
এই দুটি শিশু সিলেটের বাগবাড়ি এলাকার সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘নারী ও শিশু-কিশোরী নিরাপদ আবাসন—সেফহোম’-এর নতুন বাসিন্দা। কর্তৃপক্ষ নানা জায়গায় যোগাযোগ করেও তাদের পরিবার বা স্বজনদের সন্ধান পাচ্ছে না। আদালতের নির্দেশে তারা সেফহোমে আছে।
গত ১১ মার্চ প্রথম আলোয় ‘ফিরতে উন্মুখ ১১ মুখ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এর মধ্যে তিনজন ফিরে পেয়েছিল পরিবার। প্রথম আলোর প্রতিবেদন দেখে পরিবারের সদস্যরা যোগাযোগ করে তিনটি শিশুকে আদালতের মাধ্যমে নিজেদের কাছে নিয়ে যান। বাকি আট শিশু এখনো ফিরে পায়নি তাদের পরিবার। এই আটজনের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আরও দুটি শিশু। এই দুজন পরিবারের কাছে ফিরতে উন্মুখ।
ট্রেন থেকে পড়ে যাওয়া শিশুটি তার নাম ‘রকিব’ বলে জানায়। ১৭ মে সিলেট-ঢাকা রেললাইনের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুরের কাছে তাকে পাওয়া যায়। কিছুটা আহত থাকায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর পুলিশের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরে নেওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় সেফহোমে।
দ্বিতীয়জন নামটাও ঠিকঠাক বলতে পারছে না। সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে ১২ জুলাই তাকে পেয়ে ওই দিনই আদালতের মাধ্যমে সেফহোমে পাঠানো হয়।
বুধবার সেফহোমে গিয়ে দেখা গেছে, সেফহোমের নতুন দুই বাসিন্দা কিছুটা আনমনা। রকিব তার নাম বলতে পারলেও ট্রেনে কারা ছিল বা কোথায় বাড়ি কিছুই বলতে পারছে না। আর অপরজন তো কিছুই বলতে পারছে না। ‘হারিয়ে গেছ’ বললে সে মাথা নাড়ে। কোথায়, কেমন করে হারালে, প্রশ্ন করলেও সে একইভাবে মাথা নাড়ায়। নির্দিষ্ট করে সে কিছুই বলতে পারছে না।
রকিবের ঘটনার পেছনে কোনো ছেলেধরা চক্র জড়িত থাকতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন। তাকে উদ্ধারপ্রক্রিয়ার সঙ্গে থাকা ফেঞ্চুগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ বলেন, তখন শিশুটির শরীরে কিছু জখম দেখা গেছে। এখনো তার পরিবারের সন্ধান না পাওয়ায় ধারণা করা হচ্ছে, সিলেটের বাইরের অথবা ঢাকা-সিলেট রেললাইন এলাকার বাসিন্দা হবে সে।
সেফহোমের বার্তাবাহক হাবিবুর রহমান জানান, পুরোনো আটজন অপেক্ষায় রয়েছে পরিবারকে ফিরে পাওয়ার। নতুন দুজনের পরিবারের সন্ধান পেতে সমাজসেবা অধিদপ্তর ও পুলিশের মাধ্যমে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি চলছে। তিনি বলেন, ‘পুরোনোদের সঙ্গে নতুন দুজন মানিয়ে নেওয়ার চেষ্টায় আছে। এরপরও পরিবারকে ফিরে পাওয়ার কাতরতা দেখা যায়। এটা দেখে নিজেরও খারাপ লাগে।’