আপনজন ফিরে পেল শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১ আগস্ট ‘আপনজন খুঁজছে ওরা দুজন শিরোনামে এই ছবিটি প্রথম আলোতে ছাপা হয়। সেই থেকে শিশু দুটি সিলেট সমাজসেবা কার্যালয়ের সেফহোমে ছিল। গতকাল বিকেলে সেফহোম থেকে পরিবারের কাছে ফিরে যায় দুজনের একজন মনসুর মিয়া (৫)।ছবি: প্রথম আলো
গত ১ আগস্ট ‘আপনজন খুঁজছে ওরা দুজন শিরোনামে এই ছবিটি প্রথম আলোতে ছাপা হয়। সেই থেকে শিশু দুটি সিলেট সমাজসেবা কার্যালয়ের সেফহোমে ছিল। গতকাল বিকেলে সেফহোম থেকে পরিবারের কাছে ফিরে যায় দুজনের একজন মনসুর মিয়া (৫)।ছবি: প্রথম আলো

সেই শিশুটি ফিরে পেয়েছে তার পরিবার। আদালতের নির্দেশে গতকাল রোববার বিকেলে তাকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়।
শিশুটির নাম মনসুর মিয়া (৫)। সে এত দিন সিলেট নগরের বাগবাড়ি এলাকায় অবস্থিত ‘নারী ও শিশু-কিশোরী নিরাপদ আবাসন-সেফহোম’-এ ছিল।
মনসুরের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। গত ১ আগস্ট প্রথম আলোয় ‘আপজনকে খুঁজছে ওরা দুজন’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদন দেখে শিশুটিকে শনাক্ত করে তার পরিবার।

ছেলেকে কাছে পেয়ে মা হাওয়ারুন বিবির আনন্দ যেন আর ধরে না l ছবি: প্রথম আলো
ছেলেকে কাছে পেয়ে মা হাওয়ারুন বিবির আনন্দ যেন আর ধরে না l ছবি: প্রথম আলো

সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এই সেফহোমটির বার্তাবাহক হাবিবুর রহমান জানান, ২৮ আগস্ট মনসুরের মা হাওয়ারুন নেছা ও বাবা শফিক মিয়া সেফহোমে এসে তাঁদের সন্তানকে শনাক্ত করেন। এরপর আদালতে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের (তৃতীয়) বিচারক নাজমুল হোসেন চৌধুরী গতকাল শিশুটিকে তার পরিবারের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন। এরপর বিকেল পাঁচটার দিকে মনসুরকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়।
গত ১৭ মে সিলেট-ঢাকা ট্রেন লাইনের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুরের কাছে শিশুটিকে পাওয়া যায়। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পুলিশ তাকে সেফহোমে পাঠায়।
সেফহোম থেকে মনসুরকে গ্রহণ করেন তার মা হাওয়ারুন বিবি। তিনি বলেন, প্রথম আলোয় ছাপা প্রতিবেদনটি তাঁরা প্রায় দুই সপ্তাহ পর এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন। প্রতিবেদনের ছবি দেখে তাঁরা ছেলেকে শনাক্ত করেন। তাঁদের দুই ছেলেমেয়ে। তাঁর স্বামী শফিক মিয়া পেশায় দিনমজুর।
মনসুর কিছু বলতে না পারলেও তার মা-বাবার ধারণা, শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে ট্রেনে উঠে সে হারিয়ে গিয়েছিল।