আপনজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মাসুক হেলাল
নিজ জেলা শহর কুমিল্লায় আপনজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মাসুক হেলাল। তাঁর সঙ্গে সম্মাননা পেয়েছে তিনটি প্রতিষ্ঠান। বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষে কুমিল্লা সাংস্কৃতিক জোট ওই সম্মাননা দেয়।
গত সোমবার সন্ধ্যায় নগরের ধর্মসাগরের দক্ষিণ পাড়ে কুমিল্লা মহিলা মহাবিদ্যালয় মাঠে ওই সম্মাননা অনুষ্ঠান হয়। চিত্রকলায় সম্মাননা পেয়েছেন প্রথম আলোর চিত্রশিল্পী মাসুক হেলাল; শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় সাংস্কৃতিক সংগঠন যাত্রী; শিক্ষায় বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজ এবং কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাই প্রতিষ্ঠান মাতৃভান্ডার। সম্মাননাপ্রাপ্তদের ক্রেস্ট প্রদান করা হয় এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন লালমাই ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লার সাবেক সভাপতি দিলনাশি মোহসেন, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মো. সেলিম রেজা, অধুনা থিয়েটারের সভাপতি শহীদুল হক প্রমুখ।
অভিব্যক্তি প্রকাশ করে মাসুক হেলাল বলেন, ‘জীবনে অনেকবার জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। একবারও পুরস্কার আনতে যাইনি। কিন্তু যে শহরের আলো-বাতাসে বড় হয়েছি, সেই শহরের সাংস্কৃতিক সংগঠন আমাকে সম্মাননা দিচ্ছে, সেটি কোনোভাবেই না করতে পারিনি। নিজের শহরে এসে পুরস্কার নিচ্ছি—এটা অনেক বড় ব্যাপার। অত্যন্ত গর্বের ব্যাপার। ছাত্রজীবনে কুমিল্লায় সংস্কৃতিচর্চায় বেশ এগিয়ে ছিলাম। আজ সম্মাননা নিতে এসে সেই দিনগুলোর কথাই মনে পড়ছে।’