
‘চিকুনগুনিয়া মহামারি হোক আর যা–ই হোক, এর জন্য কোনোভাবেই সিটি করপোরেশন দায়ী নয়। আর বাড়িতে বাড়িতে গিয়ে মশা মারা তাদের পক্ষে সম্ভব না।’ মেয়র আনিসুল হকের এ বক্তবে্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। প্রথম আলোর অনলাইনের পাঠকেরাও এ বিষয়ে নানা মন্তব্য-প্রতিক্রিয়া জানান। প্রথম আলোর ফেসবুক পেজে গত রাত পর্যন্ত আট শর বেশি মন্তব্য করেন পাঠকেরা। সেসব মন্তব্যের কয়েকটি তুলে ধরা হলো:
স্যার, ভোট কিন্তু বাড়ি বাড়ি থেকেই আসে, তা কি ভুলে গেছেন? চিকুনগুনিয়ার দায় কি আপনে অন্যকে দিতে চান? আপনার অধীনের কর্মকর্তারা যদি সময়মতো মশা নিধন করত, তবে এই অবস্থার সৃষ্টি হতো না—পলাশ মজুমদার
ব্যর্থতা ঢাকতে এমন স্টাইলে হুংকার না দিলে কী চলে!—সা মো. মছিহ্ রানা
...আপনাদের কথা থেকে ভোটের আগে ঘ্রাণ আসে আর নির্বাচিত হওয়ার পরে কথা থেকে গন্ধ আসে (ক্ষমা করবেন মাননীয় মেয়র)—মোহাম্মদ হোসেন
দায়িত্বজ্ঞানশূন্য মন্তব্য আনিসুলের। —পারভেজ মো. আবু
অবশ্যই নাগরিকদের দায়। তারা নগর কর প্রদান করে ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে নাগরিক সেবা চাইবে কেন? সিটি করপোরেশনের কাজ হচ্ছে রাস্তায় এলইডি লাইট লাগানো, সড়ক মেরামত না করে ডিভাইডারে সৌন্দর্যবর্ধন, ফুটপাতে প্রতিষ্ঠান ও হকারদের আবদারমতো ব্যবহার করতে দেওয়া ইত্যাদি।—নাম প্রকাশে অনিচ্ছুক
কীভাবে মশা তাড়াবেন এইটা আপনার দায়িত্ব, আমরা নগরবাসী মশার উপদ্রব থেকে মুক্তি চাই। সবকিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যেমন যায় না, তেমনি জনগণও আপনাদের ওপর সবকিছু চাপিয়ে দেয় না নিশ্চয়। কিন্তু মশা তাড়ানো আপনাদের দায়িত্বের মধ্যেই পড়ে? আমি হোল্ডিং ট্যাক্সসহ আরও কত কী ট্যাক্স দেব কি মশার কামড় খাওয়ার জন্য?—এ বি সিদ্দিকী
তাহলে জনগণ এ জন্য দায়ী, তাই না?...যদি না পারেন তাহলে গদিতে জনগণের অর্থের শ্রাদ্ধ করছেন কেন?—বাবু
আপনি গুলশান-বনানী ছাড়া আর কোন অংশকে আপনার এলাকা মনে করেন? গুলশান-বনানীর মনমাতানো ফুটপাত আর রাস্তা দেখেই বুঝতে পারছি বাড্ডা, রামপুরা, খিলগাঁওসহ অন্য এলাকাগুলোর চেহারা কেন বদলায় না!! তেলা মাথায় যে আগেই সব তেল ঢেলে রেখেছেন!
—নাম প্রকাশে অনিচ্ছুক
আমার বাসা রামপুরার পশ্চিম হাজীপাড়া নতুন রাস্তা। এই এলাকায় গত এক বছরে এক দিনও মশার ওষুধ দিতে দেখিনি...এর জন্য কে দায়ী...? —এজাজুল হক
নির্বাচনের আগে এই কথাটা বলতেন। মানুষকে কত স্বপ্ন দেখিয়েছেন! তা কি পূরণ করেছেন? অবশ্য এখন আর জনগণের ভোট লাগে না। ভোট লাগলে জনগণের কথা ভাবতেন।—রাসেল
নিবার্চনের আগে কী বলেছিলেন, মনে আছে? মশা বাড়িতে জন্মায় না, ড্রেনে-ডাস্টবিনে জন্মায়। সেখানে কি নিয়মিত পরিষ্কার করা হয়? কথায় বলে, যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ! প্রধানমন্ত্রী অনেক আশা নিয়ে দলের অনেক যোগ্য লোক বাদ দিয়ে আপনাকে মেয়রের নমিনেশন দিয়েছিলেন। কিন্তু আপনি সবাইকে হতাশ করেছেন।—মো. আলী হায়দার
মাননীয় মেয়রদ্বয়—চিকন গুনিয়া,
করে মুখ বন্ধ, যান শুনিয়া—
ওহ মেয়র, ওহ মেয়র, চারিদিকে শুধু মশা
চিকনগুনিয়া রোগে, মানুষের দুর্দশা।
আছে তাকিয়ে আমজনতা, শুনতে ফগারের গান,
দুই মেয়র গেছেন থেমে, ভেবে কেমনে বাঁচিবে মান।
মশাগুলো বেজায় পাজি, রক্ত বীজের বংশ,
মেয়রদ্বয়ও জানেন সেটা, যাচ্ছে না করা ধ্বংস।
কোটি টাকার কীটনাশকে, হয় না কোনো কাজ,
এ যে ভীষণ কষ্ট, লজ্জা শরম আর লাজ।
এই সব ভেবে ভেবে কাটে বেলা যত,
কেমনে হবে সমস্যা দূর, কষ্ট আগের মতো।
নিভিয়ে লাইট সারা দিন, ভাবেন মেয়রদ্বয়,
মশার সাথে করে যুদ্ধ জীবন হলো ক্ষয়।
—নাম প্রকাশে অনিচ্ছুক
আপনাকে তো দায়িত্ববান মেয়র মনে করতাম। দায়িত্বজ্ঞানহীন কথা কেন বলছেন! সামান্য মশার সাথে পারছেন না! ডেঙ্গু বা চিকুনগুনিয়ার সময় শুধু মশা নিধনের চেষ্টা করলে হবে না। মশা নিয়ে বার্ষিক পরিকল্পনা থাকতে হবে। আপনারা মশা প্রতিরোধে কবে কী করেছেন বলেন তো? প্রেস ব্রিফিংয়ে এসে লম্বা লম্বা কথা বলছেন!—লুৎফর রহমান