আপনার দলের নেতাদের প্রতিহত করুন, তারপর আমাদের: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নির্বাচন প্রতিহতের হুমকির বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আপনি (খালেদা জিয়া) নির্বাচন প্রতিহতের হুমকি দিয়েছেন। অথচ আপনার দলের নেতারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। সুতরাং আমাদের প্রতিহতের আগে আপনার দলের নেতাদের প্রতিহত করুন।’
আজ সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বৈঠক শেষে নাসিম এ মন্তব্য করেন।
নাসিম বলেন, ‘কেন তাঁরা নির্বাচন প্রতিহত করতে চান, এটা আমাদের জানা আছে। তাঁদের নির্বাচন প্রতিহতের মূল লক্ষ্য একাত্তরের ঘাতকদের রক্ষা করা। এ জন্য বিএনপি-জামায়াত জোট নতুন উদ্যমে মাঠে নেমেছে।’ তিনি বলেছেন, ‘তিনি (খালেদা জিয়া) যেমন হাসিনামুক্ত বাংলাদেশ চান, আমরাও তেমনি রাজাকারমুক্ত বাংলাদেশ চাই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে নাসিম বলেন, ‘আমরা পুনর্ব্যক্ত করতে চাই, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর অধীনে জাতীয় নির্বাচন হবে। যদি বিরোধী দল নির্বাচন করার জন্য আন্তরিক থাকে, তাহলে সংসদে এসে তারা প্রস্তাব দিতে পারে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।’
নাসিম তথ্য দেন, এ বছর সারা দেশে ২৮ হাজার পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানের আহ্বান জানান তিনি।
এর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সঙ্গে ১৪ দলের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের সভাপতি ওয়াজেদুল ইসলাম খান, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নিমচন্দ্র ভৌমিক প্রমুখ।