আপনার দেশে কয়টি শিল্পে ইউনিয়ন আছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পে ট্রেড ইউনিয়ন থাকার বিষয়ে একটি পত্রিকায় প্রকাশিত বক্তব্যের সূত্র ধরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাকে গতকাল সোমবার চিঠি পাঠিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বস্ত্র ও পাট মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। বিজ্ঞপ্তির সঙ্গে চিঠির অনুলিপিও দিয়েছে মন্ত্রণালয়। চিঠিতে পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী বলেন, গত শনিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আয়োজিত ‘পোশাকশ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ: অভিজ্ঞতা ও করণীয়’ শীর্ষক গণশুনানি অনুষ্ঠানে অংশ নিয়ে মজীনা সব পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন সুযোগ দেওয়ার বিষয়ে পোশাকশিল্পের মালিকদের উদ্দেশে বক্তব্য দেন। এ প্রসঙ্গে চিঠিতে বলা হয়, ‘আমি সত্যি হতবাক, তৈরি পোশাকশিল্পে ট্রেড ইউনিয়ন চালুর বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের তৈরি পোশাকশিল্পের মালিকদের ওপর সরাসরি চাপ সৃষ্টি, তাঁর কূটনীতিক শিষ্টাচার এবং পদমর্যাদার সঙ্গে সামঞ্জস্য কি না। বরং তাঁর মন্তব্য দেশের সরকারের প্রতি অনধিকার চর্চাপ্রবণ, পীড়াদায়ক ও উসকানিমূলক বলে মনে হতে পারে।’ পাটমন্ত্রী মজীনার প্রতি প্রশ্ন করেন, বর্তমানে আপনার নিজের দেশ যুক্তরাষ্ট্রের কয়টি অঙ্গরাজ্যে উৎপাদনশীল শিল্পে ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে? তিনি বলেন, ট্রেড ইউনিয়ন থাকা না-থাকা অপরিহার্যভাবে একটি দেশের সরকারের অভ্যন্তরীণ বিষয়।