আপনার স্বপ্ন পূরণ হবে না - খালেদা জিয়াকে তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আপনি যে স্বপ্ন দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেন না, আমার মনে হয় না আপনার এই স্বপ্ন পূরণ হবে। কারণ ভবিষ্যতে নির্বাচন হলে শেখ হাসিনার অধীনেই হবে, সংবিধান মোতাবেকই হবে।’

তৈরি পোশাকের সহায়ক পণ্য বা গার্মেন্টস এক্সেসরিজ এবং মোড়কীকরণ বা প্যাকেজিং পণ্যের মেলা গ্যাপেক্সপো-২০১৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এই মেলা শুরু হয়েছে।

বিএনপি নেতা খালেদা জিয়ার উদ্দেশে তোফায়েল আহমেদ বলেছেন, ‘আপনাকে ধৈর্য ধরতে হবে। কারণ ভোট হয়ে গেছে। পাঁচ সিটি করপোরেশন নির্বাচন জেতার পর নির্বাচন বর্জন করার কোনো কারণ বাংলার মানুষ খুঁজে পায়নি।’

বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্প্রতি রাজবাড়ীতে জনসভায় বলেছেন, উপজেলা নির্বাচনের পর আন্দোলনে যাবেন। আপনি আন্দোলন করেন, সেই গণতান্ত্রিক অধিকার আপনার আছে। তবে হরতাল অবরোধের মতো এমন কোনো আন্দোলনে যাবেন না, যা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে। আর এমন হলে ব্যবসা-বাণিজ্য রক্ষায় সরকার শক্ত হাতে আন্দোলন দমন করবে।’ দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত করে এমন রাজনৈতিক কর্মসূচি না দিতে ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।

বিজিএপিএমইএ, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লি. ও জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল সম্মিলিতভাবে মেলাটি আয়োজন করেছে। আন্তর্জাতিক এই মেলায় ভারত, চীন, তাইওয়ান, অস্ট্রেলিয়া, জার্মানি, দুবাই, থাইল্যান্ড, জাপান, পাকিস্তানসহ ২৫টি দেশের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাকের সহায়ক পণ্য ও মোড়কীকরণের যন্ত্রপাতি, কাঁচামাল এবং উত্পাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করবে। এ ছাড়া মেলায় দুইটি সেমিনার অনুষ্ঠিত হবে।