আপনারা ঠিকভাবে কাজ করলে আমরা সফল হব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চুক্তির কপি হস্তান্তর করেন পররাষ্ট্রসচিব শহীদুল হক l ছবি: পিআইডি
প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চুক্তির কপি হস্তান্তর করেন পররাষ্ট্রসচিব শহীদুল হক l ছবি: পিআইডি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা তখনই দেশকে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্য অর্জনে সক্ষম হব, যখন আপনারা জনগণের সেবক হিসেবে ঠিকভাবে কাজ করবেন।’ দেশকে বর্তমান বিশ্বে উন্নয়নের রোল মডেল আখ্যায়িত করে তিনি আরও বলেন, ‘আপনাদের কর্মফলই আমাদেরকে মর্যাদার আসনের দিকে নিয়ে যাচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর কার্যালয়ে সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিবদের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি হচ্ছে সিভিল প্রশাসনের একটি অভ্যন্তরীণ কর্মকৌশল। এটির মাধ্যমে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং জবাবদিহি নিশ্চিত হয়।

সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারি সম্পদের সদ্ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে এ নিয়ে চতুর্থবারের মতো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব এবং মন্ত্রীর প্রতিনিধি হিসেবে ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবেরা এই চুক্তিতে স্বাক্ষর করেন।

গতকালের দিনটিকে বিশেষ তাৎপর্যমণ্ডিত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন বাজেট দেওয়ার সঙ্গে সঙ্গেই, বাজেট পাস করলাম ২৯ জুন আর আজকে ৬ জুলাই আমরা কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করতে পারলাম।’ তিনি এই বর্ষা মৌসুমে উন্নয়ন প্রকল্পের সমস্ত পেপার ওয়ার্ক সম্পন্ন করে ফেলার জন্য সরকারি কর্মচারীদের নির্দেশনা দেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে

দেশে গণতন্ত্রের সুস্থ ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে। যুব মহিলা লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা বাংলাদেশে গণতন্ত্রের সুস্থ ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এতে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।’

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিলও বক্তৃতা করেন।

বাংলাদেশকে থাইল্যান্ডের আশ্বাস

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাই গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় মেকং-গংগেজ কো-অপারেশন ফোরাম এবং ইস্ট ওয়েস্ট ইকোনমিক ফোরামসহ আঞ্চলিক ফোরামগুলোতে সদস্যপদ লাভের প্রতিযোগিতায় বাংলাদেশকে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন থাইল্যান্ডের মন্ত্রী।