আপনারা যা দেখেছেন, তাই লিখবেন: সাঈদ খোকন

পুরান ঢাকার নাজিরাবাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাঈদ খোকন ভোটকেন্দ্রে গেলে সমর্থকেরা তাঁকে ফুল ছিটিয়ে ও ফুল দিয়ে বরণ করেন।
বেলা ১১টার দিকে ভোট দিয়ে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে সাঈদ খোকন কথা বলেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। উৎসব মুখর পরিবেশে আমি ভোট দিয়েছি। আপনারা যা দেখেছেন, তাই লিখবেন।’
সুরিটোলা ভোটকেন্দ্রে ভোট বন্ধের ব্যাপারে জানতে চাইলে সাঈদ খোকন বলেন, ‘আমি টিভি স্ক্রলে দেখেছি। এ ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানি না।’
এরপর সাঈদ খোকন কেন্দ্র ত্যাগ করেন। তখন তাঁর সমর্থকেরা স্লোগান দিয়ে তাঁকে বিদায় জানান।
ঢাকা দক্ষিণের ৩৪ নম্বর ওয়ার্ডের নাজিরাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ১৮৩ জন। ওই কেন্দ্রে দুজন প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। আবদুল হালিম নামের এক প্রিসাইডিং কর্মকর্তা জানান, এ ভোটকেন্দ্রে সাঈদ খোকন ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের পক্ষে ১৫ জন এজেন্ট ও মির্জা আব্বাসের পক্ষে নয়জন এজেন্ট রয়েছেন। বেলা সাড়ে ১০টা পর্যন্ত সাড়ে তিন শর মতো ভোট পড়েছে।