আপনারা সরকারে নেই, আপনারা অবৈধ: খালেদা জিয়া

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, ‘আপনারা সরকারে নেই। আপনারা অবৈধ।’ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সমাবেশে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, বর্তমান সরকার জনগণকে ভয় পায়। সরকার সমাবেশ বন্ধ করে দিতে চেয়েছিল। আমরা বলেছিলাম, বাধা দিলে পরিণতি ভালো হবে না। অবশেষে সরকার সমাবেশ করতে দিয়েছে, কিন্তু মাইক লাগাতে দেয়নি। এ কারণে বহু নেতা-কর্মী-সমর্থক সমাবেশের বক্তব্য শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না।
বিএনপির চেয়ারপারসন সরকারের সমালোচনা করে বলেন, তারা জনগণের সরকার নয়। তাঁরা শুধু আওয়ামী লীগের জন্য কাজ করেছে।
এর আগে বেলা সোয়া দুইটার দিকে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিকেল চারটার দিকে খালেদা জিয়া সমাবেশস্থলে যান। এ সময় হাজার হাজার নেতা, কর্মী, সমর্থক উল্লাস প্রকাশ করে তাঁকে স্বাগত জানান।