আপনারাই সম্পর্কের সেতুবন্ধ: মজীনা

মার্কিন সরকারের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরকারী বাংলাদেশি অ্যালামনাইরা হচ্ছেন দুই দেশের সম্পর্কের এক সেতুবন্ধ। মূলত তাঁদের মাধ্যমেই যুক্তরাষ্ট্র সত্যিকার বাংলাদেশকে আবিষ্কার করতে পারে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল শনিবার বিকেলে অ্যালামনাই সম্মেলনে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। ড্যান ডব্লিউ মজীনা বলেন, ‘আপনারা হচ্ছেন সম্পর্কের একটি মজবুত সেতু তৈরির সুনিপুণ কারিগর। সত্যিকার বাংলাদেশ আপনারাই যুক্তরাষ্ট্রের মানুষকে চিনিয়ে দিতে পারেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র সফরে আপনাদের যে অভিজ্ঞতা হয়, বাংলাদেশ গঠনে সে অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন।’ মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের পর সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাতজন অ্যালামনাইকে সম্মানিত করা হয়। তাঁরা হলেন মো. ফেরদৌস, বদরুননেসা, সামির শিহাব, কাজী নাসরিন সিদ্দিকী, মুসতাহসিন ইসলাম, করভি রাকশানদ ও তানভীর সিদ্দিকী। সবশেষে তাহসান খান ও এলিটা করিমের গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।