
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে নির্বাচনোত্তর সহিংসতায় যশোরের অভয়নগর উপজেলার মালোপাড়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেছেন। সেখানে ক্ষতিগ্রস্ত ৫১ পরিবারের প্রত্যেককে ২০ হাজার থেকে এক লাখ টাকার চেক প্রদান করেন তিনি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি মুখে বলেন যে কেউ ভোট দিতে যায়নি। তাহলে ভোট দিতে যাওয়ার অপরাধে এই জুলুম-নির্যাতন কেন?’
প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ‘আপনারা এখানকার মাটির সন্তান। আপনারা এই এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাববেন না। আপনারা মনে জোর নিয়ে, নিজেদের অধিকার নিয়ে বাঁচবেন।’
শেখ হাসিনা বলেন, দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য যত কঠোর হওয়া দরকার সরকার হবে।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের পক্ষে শেখর চন্দ্র বর্মণ ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্বাসন ও মন্দির সম্প্রসারণ করার দাবি জানান। প্রধানমন্ত্রী তাঁকে আশ্বাস দেন।
গত সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জনসভায় ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কেউ ভোট দিতে যায়নি বলে মন্তব্য করেন। তিনি ভোট দিতে না যাওয়ার জন্য উপস্থিত জনগণকে অভিনন্দন জানান।