
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, জুলুম ও অত্যাচারী এই সরকারকে বিদায় দিয়ে সত্যিকার জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, আপস করার কোনো সুযোগ নেই। কারণ, আপস করা মানে অন্যায় করা, অন্যায়কে প্রশ্রয় দেওয়া এবং অন্যায়কে মেনে নেওয়া।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় খালেদা জিয়া এসব কথা বলেন। চার দিন হরতালের পর গতকাল ঢাকায় ছিল প্রচণ্ড যানজট। সেই যানজট পেরিয়ে সন্ধ্যা ছয়টায় খালেদা জিয়া পূর্বঘোষণা ছাড়াই জাতীয় প্রেসক্লাবে গিয়ে পৌঁছান। এ সময় আন্দোলন করে বর্তমান সরকারকে উৎখাতের জন্য বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসনকে পরামর্শ দেন সাংবাদিক ও সম্পাদকদের কয়েকজন।
মতবিনিময় সভায় সাংবাদিকেরা খালেদা জিয়াকে বলেন, সংলাপের মধ্য দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না। কাজেই আন্দোলন করতে হবে। আর এ আন্দোলনে খালেদা জিয়ার পাশে সাংবাদিকেরা থাকবেন।
এ সময় খালেদা জিয়া বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের নিরপেক্ষ ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সাংবাদিকদের বক্তব্য শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘আমি আজ আপনাদের কথা শুনলাম। আপনারা সব সময় আন্দোলনে আমাদের পাশে ছিলেন। প্রেসক্লাব যেমন আপনাদের দ্বিতীয় বাড়ি, তেমনি আমারও দ্বিতীয় বাড়ি, আমিও আপনাদের কাছে ছুটে আসি।’ খালেদা জিয়া বলেন, ‘সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে আওয়ামী লীগ অন্যায় করেছে। আমরা এ অন্যায়কে প্রশ্রয় দেব না।’
ন্যায়সংগত আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় দিয়ে সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা করার কথা বলেন খালেদা জিয়া। এ জন্য সবাইকে একসঙ্গে আন্দোলন করার আহ্বান জানান।
সাংবাদিকদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘আপনারা অতীতে আমাদের সঙ্গে আন্দোলনে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন আশা রাখি।’ তিনি বলেন, ‘আমার পদ-পদবির কোনো লোভ নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করাই আমার লক্ষ্য।’
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, জাতি এমন একটি নির্বাচন চায়, যেখানে সবাই অংশগ্রহণ করবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘দেশের ১৬ কোটি মানুষ আজ আপনার দিকে তাকিয়ে আছে। দেশের মানুষ মুক্তি চায়। আপনি নির্দেশ দিন। এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে হবে।’
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, ‘দেশ আজ গভীর সংকটে। আর এ সংকট তৈরি করেছেন শেখ হাসিনা। সারা দেশের মানুষ এখন আপনার দিকে চেয়ে আছেন।’
মতবিনিময় সভায় উপস্থিত অন্যান্যের মধ্যে ছিলেন শফিক রেহমান, পিয়াস করিম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, কলামিস্ট মাহফুজউল্লাহ, খন্দকার মনিরুল আলম, বাকের হোসাইন, এম আবদুল্লাহ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, বিএনপির নেত্রী শিরিন সুলতানা এ সময় উপস্থিত ছিলেন।