আপস না করায় বাদীর পরিবার 'একঘরে'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগের নেতা মো. দুলাল ভান্ডারি (৩৫) হত্যা মামলায় আপস না করায় বাদীর পরিবারকে ‘একঘরে’ করার ঘোষণা দিয়েছেন আসামিরা। গত শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ কারারচর এলাকায় স্থানীয় মাতবরদের উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়।
এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই মামলার বাদী মো. লুৎফর রহমান প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত দিয়েছেন।
২০১২ সালের ৯ সেপ্টেম্বর রাতে উপজেলার দক্ষিণ কারারচর গ্রামে দুলাল ভান্ডারিকে কুপিয়ে জখম করা হয়। ওই রাতেই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় লুৎফর রহমান ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ছয়জনের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মামলা করেন। নিহত দুলাল পুটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
এলাকাবাসী ও নিহত ব্যক্তির পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শিবপুর মডেল থানায় মামলা দায়েরের পর এর তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি)। দীর্ঘ তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ ১১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন দেন বাদী। আদালত আবেদন মঞ্জুর করে পুনরায় মামলার তদন্তভার দেন অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। সেখানেও মামলার এজাহারভুক্ত আসামি হাফিজ উদ্দিন ও মাহফুজ মিয়াকে বাদ দিয়ে ১৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। এতে পুনরায় অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন বাদী। আগামী ২৫ সেপ্টেম্বর নারাজি আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। এর মধ্যে মামলার তদন্ত চলাকালে অভিযোগপত্রভুক্ত ১৩ আসামিসহ মোট ১৪ জন গ্রেপ্তার হন। তাঁদের সবাই বর্তমানে জামিনে মুক্ত আছেন। মুক্ত হয়েই আসামিরা মামলা প্রত্যাহারে বাদী ও তাঁর সঙ্গীদের চাপ দেন। পাশপাশি আপস-মীমাংসার জন্য বিভিন্ন হুমকি দেন। এ ঘটনায় বাদী শিবপুর থানায় একাধিকবার সাধারণ ডায়েরি (জিডি) করেন। সর্বশেষ গত শুক্রবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আসামিদের উপস্থিতিতে মামলার বাদী ও তাঁর পরিবারকে একঘরে করার ঘোষণা দেন স্থানীয় মাতবর সুজা উদ্দিন। পাশাপাশি সমাজের লোকজন যাতে তাঁদের (বাদীর পরিবার) সঙ্গে কথা না বলেন ও তাঁদের শিশুরা স্কুল, মসজিদ ও মাদ্রাসায় যেতে না পারে—সে বিষয়ে ঘোষণা দেন সুজা। সুজা মামলার প্রধান আসামি গোলাম হাফিজ উদ্দিনের বড় ভাই।
লুৎফর রহমান বলেন, ‘আমার পরিবার অনেক কষ্টে দিনাতিপাত করছে। আমি প্রতিকার চেয়ে মানবাধিকার কমিশন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’
স্থানীয় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বাবুল হক বলেন, ‘সুজা উদ্দিন মামলার বাদী লুৎফরের পরিবারকে সমাজ থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু ঘোষণা দিলেই তো আর বাদ দেওয়া যায় না। এ ঘটনায় এমপি সাহেবও ফোন করেছিলেন। বিষয়টি কীভাবে মীমাংসা হয়, আমরা সে পথ দেখছি।’
সুজা উদ্দিনের মুঠোফোনে গতকাল বিকেলে একাধিকবার কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
ইউএনও আশরাফুল আফসার বলেন, এ বিষয়ে তিনি খোঁজখবর নেবেন।
পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম বলেন, তিনি অভিযোগ পাননি।