সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ
আপসকামিতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক
সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সরকারের আপসকামিতার বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশে এ আহ্বান জানান তাঁরা।
সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে সরকারের আত্মসমর্পণে সংস্কৃতিকর্মীরা ক্ষুব্ধ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণ করে সরকার যে আপসের রাজনীতিতে পা দিয়েছে, তা জাতির জন্য বিপদ ডেকে আনবে।
‘সর্বস্তরের সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিক সমাজ, চট্টগ্রাম’-এর ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, নারীনেত্রী নুরজাহান খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অসীম দাশ, সচেতন নাগরিক কমিটি চট্টগ্রামের সভাপতি দেলোয়ার মজুমদার, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি চন্দন দাশ, সুনীল ধর, সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, অমৃত বড়ুয়া, বিশ্বজিৎ পাল প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন প্রমা আবৃত্তি সংসদের সভাপতি রাশেদ হাসান।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের একের পর এক আপসকামিতা দেশ ও জাতির জন্য কখনো শুভ কিছু বয়ে আনবে না। যে আশায় মুক্তিযুদ্ধের চেতনার দল আওয়ামী লীগ হেফাজতকে বুকে টানছে, সেটা আত্মঘাতী। হেফাজতের ভোট কখনো আওয়ামী লীগের বাক্সে ঢুকবে না। সরকারের আপসকামিতার বিরুদ্ধে সচেতন নাগরিকদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা।