আপসযোগ্য বিরোধ-মীমাংসায় সালিস জোরদার করা দরকার। সালিসে উভয় পক্ষ নিজেদের জয়ী ভাবতে পারে। এতে সময় ও অর্থ কম লাগে। এ ব্যাপারে জনগণকে আরও সচেতন করা দরকার।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘স্থানীয় বিরোধ-মীমাংসায় সালিস: একটি কার্যকর পদ্ধতি’ শীর্ষক সেমিনারে একাধিক বক্তা এই মত দেন। তাঁরা বলেন, সালিসে নারীর প্রতি সংবেদনশীল হতে হবে। সালিস ঠিকমতো কাজ করলে মামলাজট কমে যাবে। তবে সালিস দলে নারী সদস্য রাখতে হবে। বেসরকারি প্রতিষ্ঠান নাগরিক উদ্যোগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ ওই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসরীন বেগম বলেন, নারীদের এগিয়ে আসার পথ খুলে দেওয়ার জন্য পরিবারের সদস্য ও যাঁরা সমাজে নেতৃত্ব দেন, তাঁদের এগিয়ে আসতে হবে।
বেসরকারি প্রতিষ্ঠান ব্ল্যাস্টের সাম্মানিক পরিচালক সারা হোসেন বলেন, সালিস নিয়ে আলোচনা বাড়ানো দরকার। এ ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি আইনজীবী জেড আই খান পান্না বলেন, সালিস আর বিচারব্যবস্থা একে অপরের সম্পূরক। যেগুলো আপসযোগ্য নয়, সে বিষয়ে সালিস হতে পারে না।
মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সালিসে প্রায় একচেটিয়াভাবে মতামত প্রদানকারীর ভূমিকায় থাকেন পুরুষেরা। সালিসকারের ভূমিকায় নারীকে প্রায় দেখাই যায় না। এই অবস্থার পরিবর্তন দরকার।