রাজশাহী নগরের বেসরকারি ডলফিন ক্লিনিকে গত বুধবার ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর ঘটনায় আটক চারজনই থানা থেকে ছাড়া পেয়েছেন। ঘটনাটি আপসরফা হওয়ায় শিশুটির বাবা মামলা না করে ওই দিন দিবাগত রাত দুইটার দিকে ফিরে যান।
বুধবার সন্ধ্যায় ওই ক্লিনিকে তানোর উপজেলার মহাদেবপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে মুস্তাকিনের ভাঙা হাত ব্যান্ডেজ করার সময় চেতনানাশক দেওয়া হয়। এরপর শিশুটি মারা যায়। পরে পুলিশ ক্লিনিক থেকে ক্লিনিকের অংশীদার ও রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির চিকিৎসক নওশের আলী, অস্ত্রোপচারকক্ষের ইনচার্জ রফিকুল ইসলাম, সেবিকা মুক্তা খাতুন ও এক্স-রে কারিগর মাসুদ রানাকে আটক করে থানায় নিয়ে যায়। কিছুক্ষণ পর মুস্তাকিনের বাবাও থানায় যান। গভীর রাতে থানায় বসে ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে তাঁর আপস করে দেওয়া হয় এবং তাঁর কাছ থেকে লিখিত একটি অঙ্গীকারনামা নেওয়া হয়। এতে উল্লেখ রয়েছে কারও বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই।
মুস্তাকিনের বাবা শামসুদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে টিটো সরকার নামের এক ব্যক্তি কথা বলেন। তিনি বলেন, ‘খরচের কিছু টাকা দিয়েছে। তাঁদের কোনো অভিযোগ নেই।’