আপসের জন্য চাপ দিচ্ছেন সেই জলিল
শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চাঁদপুরের হাজীগঞ্জের কাপাইকাপ আলিম মাদ্রাসার আরবির প্রভাষক আবদুল জলিল জামিনে মুক্তি পেয়েছেন। জলিলের স্ত্রী মোহসেনা বেগম জানান, গত বুধবার জলিল হাইকোর্ট থেকে জামিন পান।উল্লেখ্য, আবদুল জলিল (৫০) একই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেন। এতে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে শিশুটির বাবা বিষয়টি মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাইকে জানালে তিনি মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য, মাদ্রাসার শিক্ষক ও এলাকার কয়েকজন ব্যক্তিকে নিয়ে সালিসি বৈঠক করে জলিলের সঙ্গে শিশুটির বিয়ে দেন।শিশুটির বাবা এ বিয়ে না মেনে ১৮ জানুয়ারি চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-১-এ একটি এজাহার দেন।গত ১০ মার্চ বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহসভাপতি সীমা জহুর ঘটনাটি উচ্চ আদালতের নজরে আনেন। এর পরিপ্রেক্ষিতে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। ওই ঘটনা পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।গত শনিবার মুঠোফোনে সীমা জহুর প্রথম আলোকে বলেন, নিম্ন আদালতে দায়ের করা এজাহারে অনেকগুলো অসামঞ্জস্য ছিল। সেখানে মাত্র একজনকে আসামি করা হয়। এ কারণে উচ্চ আদালত ঘটনাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন।এদিকে গত সপ্তাহে মাদ্রাসাটির সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ এ টি এম আবদুল হাইয়ের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। পরে তিনি মুক্তি পান। ২০ মার্চ মাদ্রাসার সাময়িক বরখাস্ত অপর দুই শিক্ষক কাউসার আহমেদ ও আবুল খায়ের জামিনে মুক্তি পান।শিশুটির পরিবার অভিযোগ করেছে, জামিনে মুক্তি পেয়ে আসামিরা জলিলের সঙ্গে শিশুটির কথিত বিয়ে মেনে নিয়ে আপসরফা করার জন্য তাদের নানাভাবে চাপ দিচ্ছে।শিশুটির বাবা অভিযোগ করেন, ‘বিষয়টি মীমাংসা করা না হলে আমার পরিবারকে উচ্ছেদ করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে।’মেয়েটির মামা ওই মাদ্রাসার এক শিক্ষক বলেন, ‘সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ ও ঘটনার সঙ্গে জড়িত শিক্ষকেরা বিষয়টিতে আপস করার জন্য আমাকে চাপ দিচ্ছেন। আপসরফা না করলে আমাকে চাকরিচ্যুত করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে।’এ প্রসঙ্গে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে মেয়েটির পরিবার থানায় অভিযোগ দিলে তাঁরা আইনি ব্যবস্থা নেবেন।আদালতের নির্দেশে গতকাল রোববার আট মাসের অন্তঃসত্ত্বা মেয়েটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।