আপসের জন্য ডেকে নিয়ে পিটুনি, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর আপসের কথা বলে শ্বশুরবাড়ির লোকজনকে ডেকে নিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত শ্বশুর মো. হাবিবুর রহমান (৫৫) গত শনিবার সন্ধ্যায় হাসপাতালে মারা যান। গুরুতর আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন।৫ মার্চ মঙ্গলবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের লালঘাট (গিলাইঝুঁকি পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নির্যাতনকারী পরিবারের লোকজন পলাতক আছেন।নির্যাতনের শিকার ওই গৃহবধূ গত শুক্রবার নবাবগঞ্জ থানায় তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দুই দেবরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। পরদিন গৃহবধূর বড় ভাই বাবুল মিয়া তাঁর ভগ্নিপতি, ভগ্নিপতির দুই ভাই, বাবা-মাসহ ২১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন। শনিবার রাতে এজাহারভুক্ত আসামি রায়হানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত হাবিবুর রহমানের বড় ছেলে বাবলু মিয়া (১৮) প্রথম আলোকে জানান, চার বছর আগে একই গ্রামের বটপাড়ার রোস্তম আলীর ছেলে ওয়াহেদুল ইসলামের (২৫) সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। বিয়েতে তাঁরা এক লাখ টাকা যৌতুক দেন। বিয়ের কিছুদিন পর থেকে আরও যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন বোনকে নির্যাতন শুরু করেন। পরে তাঁরা আরও প্রায় ৮০ হাজার টাকা যৌতুক দেন। কিন্তু এরপর স্বামী ওয়াহেদুল আরও এক লাখ টাকা যৌতুক দাবি করেন।নির্যাতনের শিকার গৃহবধূ জান্নাতুন খাতুন জানান, ৪ মার্চ রাতে বাবার বাড়ি থেকে তাঁর স্বামী যৌতুকের টাকা আনতে বলেন। এতে তিনি রাজি না হলে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দুই দেবর তাঁকে মারধর করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরদিন ভোরে জ্ঞান ফিরলে তিনি বাবার বাড়িতে চলে আসেন।হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূর চাচা রেজাউল ইসলাম জানান, ৫ মার্চ সকালে স্থানীয় লালঘাট বাজারে ওয়াহেদুলের বড় ভাই ইয়াসিন আলী নির্যাতনের ঘটনাটি মীমাংসার কথা বলে তাঁকে বাড়িতে যেতে বলেন। সেখানে যাওয়ার পর ওয়াহেদুল, তাঁর বাবা রোস্তম আলী, দুই ভাই ইয়াসিন ও শহিদুল ইসলাম, দুই মামা রহমান ও সাদেক টিউবওয়েলের হাতল দিয়ে মেরে তাঁর ডান পা ও বাম হাত ভেঙে দেন। তাঁর চিৎকারে পাশের জমিতে কাজে থাকা ওই গৃহবধূর বাবা হাবিবুর রহমান, মেজো ভাই তাসিকুল ইসলাম ও প্রতিবেশী আজিজুল ইসলাম সেখানে ছুটে যান। এ সময় তাঁদেরও লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। প্রতিবেশীরা আহত চারজনকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে থেকে হাবিবুর, রেজাউল ও তাসিকুলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান গত শনিবার রাতে মারা যান। রেজাউল ও তাসিকুল গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, ওয়াহেদুলের নিকটাত্মীয় গ্রামের মাতব্বর বজলু মিয়ার ইন্ধনে ওয়াহেদুলের পরিবার এ ঘটনা ঘটিয়েছে।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। একজন নিহত হওয়ায় মারধরের ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে বলেও জানান তিনি।