আপসের নামে জামায়াত নেতাদের প্রতারণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় ‘বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি’র নামে জামায়াতের নেতারা প্রতারণা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সমিতিতে জমানো সঞ্চয় এবং সমিতি বিক্রির নামে আট লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা আপস করতে গিয়েও তাঁরা প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে সমিতির এক সদস্য অভিযোগ করেছেন।সমিতির এই সদস্যের নাম ফেরদৌসী খানম। তিনি উপজেলার নামাজ গ্রামের মৃত শাহীন শাহের স্ত্রী। তিনি একজন মাঠকর্মী ছিলেন।ফেরদৌসী খানমের অভিযোগ সূত্রে জানা গেছে, চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর রাজশাহীর পুঠিয়ায় জামায়াতের উদ্যোগে বাংলাদেশ চাষী কল্যাণ সমিতির কার্যক্রম শুরু হয়। একটি নির্দিষ্ট হারে মুনাফা দেওয়ার নামে সংগঠনটির ১০ জন মাঠকর্মী পুঠিয়া উপজেলার বিভিন্ন গ্রামে সদস্য তৈরি করে তাঁদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ শুরু করেন। ফেরদৌসী খানম ২০০১ সালে একজন মাঠকর্মী হিসেবে এখানে যোগদান করেন। তাঁর অধীনে তখন ৪৫০ জন সদস্য ছিলেন। এ সংগঠনের রাজশাহী জেলার সভাপতি হচ্ছেন হাফিজুর রহমান, পুঠিয়া উপজেলার সভাপতি জালাল উদ্দিন, সমন্বয়কারী হাবিবুর রহমান ও উপদেষ্টা শহীদুল ইসলাম। তাঁদের মধ্যে হাফিজুর রহমান জামায়াতের রুকন, জালাল উদ্দিন দলটির বানেশ্বর ইউনিয়ন শাখার সভাপতি, শহীদুল ইসলাম পুঠিয়া উপজেলা শাখার সেক্রেটারি। বাকি একজন জামায়াতের সমর্থক।ফেরদৌসী খানম অভিযোগ করেন, একসময় সংগঠনের আটজন মাঠকর্মী সংগঠন ছেড়ে চলে যান। এ সময় সংগঠনের এই কর্মকর্তারা তাঁর কাছে সমিতি বিক্রি করে দেওয়ার নামে দুই লাখ ২০ হাজার টাকা নেন। ২০০৮ সালের নভেম্বর মাসে তিনি সমিতির হিসাব, মুনাফাসহ তাঁর সঞ্চয়ের টাকার দাবি করলে সংগঠনের সভাপতি ও অন্য কর্মকর্তারা বলেন, কোনো টাকা তাঁরা তাঁর কাছ থেকে নেননি।এতে বাধ্য হয়ে ফেরদৌসী খানম গত বছরের ১৫ ফেব্রুয়ারি সঞ্চয়ের ছয় লাখ ৪১ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে রাজশাহীর মুখ্য বিচারিক আদালতে মামলা করেন। এতে হাফিজুর রহমান, জালাল উদ্দিন, হাবিবুর রহমান ও শহীদুল ইসলামকে আসামি করা হয়। এ ছাড়া সমিতি বিক্রির নামে টাকা আত্মসাতের অভিযোগে তিনি গত বছরের ১৩ মার্চ পুঠিয়া থানায় একটি মামলা করেন। পরের মামলাটিতে তাঁদের সঙ্গে আরও ছয়জনকে আসামি করা হয়। এসব মামলায় আসামিরা জামিনে রয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে গত বছরের ২ অক্টোবর পুঠিয়ার বানেশ্বর ব্যবসায়ী সমিতি চাষী কল্যাণ সমিতি ও ফেরদৌসী খানমকে নিয়ে একটি সালিস বৈঠক করে। এতে জামায়াতের নেতাদের কাছে ফেরদৌসী খানমের দুই লাখ ৭৭ হাজার টাকা পাওনা নির্ধারণ করা হয়।ফেরদৌসী অভিযোগ করেন, সালিসে সিদ্ধান্ত হওয়ার পরও জামায়াতের নেতারা এই টাকা দেননি। বরং পরে সালিসনামার ওপর কলম চালিয়ে তাঁরা লিখেছেন ‘প্রকাশ থাকে যে চাষী কল্যাণ সমিতির সব কাগজপত্র ফেরদৌসী খানম ফেরত দেবেন এবং ওই সমিতির নামে তাঁরা কোনো কাজ পরিচালনা করতে পারবেন না।’ফেরদৌসী অভিযোগ করেন, কোনো দিনই তাঁর কাছে সমিতির কোনো কাগজপত্র ছিল না। এই অজুহাতে এখন তাঁরা আর তাঁকে টাকা দিচ্ছেন না।ফেরদৌসী বলেন, ওই সালিসের ১৪ জন সদস্য লিখিত বিবৃতিতে জানিয়েছেন, সালিসে আসামিরা মামলার বাদীর কাছ থেকে কোনো রেজিস্টার বা কাগজপত্রের দাবি করেননি।মামলার তদন্ত কর্মকতা পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক বলেন, জামায়াতের নেতাদের বিরুদ্ধে করা সঞ্চয়ের নামে জমা দেওয়া টাকা ওই সমিতি বিক্রির নামে টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলা দুটির আসামিরা আপস করার শর্তে আদালত থেকে জামিন পেয়েছেন।আপস করার শর্তে জামিন নিয়ে টাকা দিচ্ছেন না কেন—জানতে চাইলে বাংলাদেশ চাষী কল্যাণ সমিতির রাজশাহী জেলা সভাপতি হাফিজুর রহমান বলেন, ফেরদৌসীর কাছে সংগঠনের কাগজপত্র আছে, সেগুলো না দেওয়ার জন্য তাঁরা টাকা দেননি। সালিসনামার ওপর কলম চালিয়ে কাগজপত্রে লেখার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের সালিসনামাই দেওয়া হয়নি। তাঁরা কাটাকাটিও করেননি।