আপাতত কার্যক্রম বন্ধই থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মুঠোফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদন ৩১ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ওই সিদ্ধান্ত স্থগিত চেয়ে সিটিসেলের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ দিন ধার্য করে দেন।

বকেয়া পরিশোধ করতে না পারায় ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল ও কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি। ফলে বন্ধ হয়ে যায় দেশের প্রথম মুঠোফোন অপারেটর সিটিসেল। তরঙ্গ বরাদ্দ বাতিলের ওই সিদ্ধান্ত স্থগিত বা পুনরায় তরঙ্গ বরাদ্দের নির্দেশনা চেয়ে গত সোমবার আবেদন করে সিটিসেল। আদালতে সিটিসেলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ, এ এম আমিন উদ্দিন ও মাহবুব শফিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিটিআরসির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও খন্দকার রেজা-ই রাকিব।

খন্দকার রেজা-ই রাকিব পরে প্রথম আলোকে বলেন, সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল করে বিটিআরসির দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেননি চেম্বার বিচারপতি। সিটিসেলের আবেদন ৩১ অক্টোবর নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। ফলে তরঙ্গ বরাদ্দ বাতিল করে বিটিআরসির দেওয়া সিদ্ধান্ত এ সময় পর্যন্ত বহাল থাকছে।

সিটিসেলের আইনজীবী মাহবুব শফিক প্রথম আলোকে বলেন, বিটিআরসির দাবি, সিটিসেলের কাছে ৪৭৭ কোটি টাকা পাবে। সিটিসেলের বক্তব্য হচ্ছে, ২৩০ কোটি টাকা পাবে। ইতিমধ্যে দুই-তৃতীয়াংশ হিসাবে সিটিসেল ১৪৪ কোটি টাকা পরিশোধ করেছে। এ অবস্থায় তরঙ্গ বরাদ্দ বাতিল করার সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদনটি করে সিটিসেল।