আপাতত জিএসপি ফিরে পাচ্ছে না বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের অবাধ বাজার সুবিধা (জিএসপি) ফিরে পেতে মার্কিন প্রশাসনের দেওয়া কর্মপরিকল্পনার উল্লেখযোগ্য অংশ বাংলাদেশ বাস্তবায়ন করতে পারেনি। পোশাকশিল্পে কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি আনলেও জিএসপি ফিরে পেতে চাইলে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তায় বাংলাদেশকে অবশ্যই আরও অনেক পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশের জিএসপি বিষয়ে আন্তমন্ত্রণালয় পর্যালোচনার পর মার্কিন বাণিজ্য দপ্তর (ইউএসটিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ইউএসটিআরের সর্বশেষ এ অবস্থানে স্পষ্ট হয়েছে, খুব শিগগির জিএসপি ফিরে পাচ্ছে না বাংলাদেশ। কারণ, জিএসপি-সংক্রান্ত এই উপকমিটির মূল্যায়নে বলা হয়েছে, জিএসপি ফিরে পেতে হলে ১৬ দফার কর্মপরিকল্পনা বাংলাদেশকে বাস্তবায়ন করতে হবে। আর কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ কতটা অগ্রগতি করেছে, সেটি জিএসপি উপকমিটি এ বছরের ডিসেম্বরে আবার পর্যালোচনা করবে।
ইউএসটিআরের নেতৃত্বে বাংলাদেশের জিএসপি ফিরিয়ে দেওয়ার আন্তমন্ত্রণালয় মূল্যায়নে অংশ নেন মার্কিন পররাষ্ট্র, শ্রম, বাণিজ্য, কৃষি ও অর্থ দপ্তরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (ইউএসএআইডি) প্রতিনিধিরা।
তবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল বৃহস্পতিবার দুপুরে মার্কিন বাণিজ্য দপ্তরের প্রতিবেদনের সঙ্গে বাস্তবতার মিল নেই বলে অভিহিত করেছেন। জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তোফায়েল আহমেদ বলেন, ‘এ মুহূর্তে বাংলাদেশের শ্রমিকদের ব্যাপারে বাইরে থেকে যা ভাবা হচ্ছে, বাস্তবে তার কোনো মিল নেই। প্রতিবেদনে শ্রমিকদের অসন্তোষের যে বিষয়টি বলা হয়েছে, তা-ও সঠিক নয়। কারখানার পরিবেশ অনেক ভালো। যাঁরা বাইরে থেকে এসেছেন, তাঁরাও সন্তোষ প্রকাশ করেছেন। আমরা মনে করি, জিএসপি ফিরে পেতে সব শর্ত পূরণ করেছি। আমরা আশা করছি, জিএসপি ফিরে পাব।’
এদিকে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যুক্তরাষ্ট্র শুধু জিএসপির জন্য কর্মপরিবেশের উন্নতি চায় না, রানা প্লাজার মতো দুর্ঘটনা যাতে এ দেশে আর না ঘটে, সেটি নিশ্চিত করতে বাংলাদেশকে প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।
জিএসপি উপকমিটির পর্যালোচনায় বলা হয়েছে, ২০১৩ সালের জুনে প্রেসিডেন্ট বারাক ওবামা জিএসপি সুবিধা স্থগিত করার পর বাংলাদেশ গুরুত্বপূর্ণ কিছু অগ্রগতি করেছে। তবে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তায় বাংলাদেশকে অবশ্যই আরও অনেক পদক্ষেপ নিতে হবে। জিএসপি স্থগিতের সময় মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে একটি কর্মপরিকল্পনা দেওয়া হয়েছে। বাংলাদেশের জিএসপি পুনর্বিবেচনার জন্য বারাক ওবামার জন্য ওই কর্মপরিকল্পনা হচ্ছে মূল ভিত্তি।
প্রসঙ্গত, জিএসপি ফিরে পেতে মার্কিন বাণিজ্য দপ্তর ২০১৩ সালের জুলাইতে বাংলাদেশের কাছে ১৬ দফার কর্মপরিকল্পনাটি তুলে ধরে। জিএসপি ফিরে পেতে হলে ওই কর্মপরিকল্পনা পূরণের বাধ্যবাধকতা রয়েছে।
এ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফ্রোমেন বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা জিএসপি স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার পর শ্রমিকদের অধিকার ও নিরাপত্তার ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনতে গত বছর থেকে মার্কিন প্রশাসন বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে চাপ দিয়ে যাচ্ছে। ২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা ধসের মতো কর্মস্থলের আরেকটি বিয়োগান্ত ঘটনা থেকে শ্রমিকদের রক্ষায় আমাদের অভিন্ন লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছতে আমরা কিছু অগ্রগতি দেখছি। এর মধ্যে রয়েছে ট্রেড ইউনিয়নের নিবন্ধনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি। কিন্তু বেশির ভাগ পোশাক কারখানায় পরিদর্শন না হওয়া, শ্রম আইনের সংস্কারে প্রয়োজনীয় অগ্রগতি না হওয়া এবং যেসব শ্রম অধিকারকর্মী তাঁদের অধিকার চেষ্টার চর্চা করছেন, তাঁদের ওপর সহিংসতা ও হয়রানির অব্যাহত খবরে আমরা উদ্বিগ্ন রয়েছি।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হযেছে, জিএসপি ফিরে পেতে কর্মপরিকল্পনায় নির্ধারিত সুনির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়নে বাংলাদেশ সরকার কতটা অগ্রগতি অর্জন করতে পেরেছে, সেটি পর্যালোচনাকে মার্কিন প্রশাসন মূল্যায়নের ভিত্তি হিসেবে নিয়েছে। এই পর্যালোচনায় কিছু ক্ষেত্রে অগ্রগতি দেখা গেছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ২০১৩ সালের জুন মাস থেকে বাংলাদেশ সরকার পোশাকশিল্পে প্রায় ১২০টি ট্রেড ইউনিয়নকে নিবন্ধন দিয়েছে, শ্রমিকনেতাদের বিরুদ্ধে অমীমাংসিত ফৌজদারি অভিযোগ প্রত্যাহার করেছে, ‘অ্যালায়েন্স’ ও ‘অ্যাকর্ডের’ মতো বেসরকারি খাতের উদ্যোগে সহযোগিতা করেছে, কয়েক হাজার পোশাক কারখানা পরিদর্শনের পরিকল্পনায় সহযোগিতা করেছে এবং কাঠামোগত ঝুঁকি কিংবা অন্য কোনো বিপজ্জনক দুর্ঘটনার প্রেক্ষাপটে আসন্ন বিপদের কারণে প্রায় ২০টি কারখানায় উৎপাদন বন্ধ রেখেছে।
জিএসপি উপকমিটির পর্যালোচনায় বলা হয়েছে, বাংলাদেশ সরকার এখনো কর্মপরিকল্পনার উল্লেখযোগ্য অংশ বাস্তবায়ন করতে পারেনি। নির্ধারিত সময়ের মধ্যে কয়েক শ পোশাক কারখানায় পরিদর্শন শেষ করার লক্ষ্যপূরণ থেকে পিছিয়ে থাকার পাশাপাশি প্রতিশ্রুতি অনুযায়ী অতিরিক্ত পরিদর্শক নিয়োগ করতে পারেনি। শ্রমিকনেতাদের ওপর নির্যাতন ও হয়রানির অব্যাহত অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেও সরকার দ্রুত সাড়া দিচ্ছে না। পর্যালোচনায় আরও বলা হয়েছে, অন্যায্য শ্রমচর্চার অভিযোগ দূর করার লক্ষ্যে বাংলাদেশ সরকারকে একটি বিশ্বাসযোগ্য ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। জিএসপি স্থগিতের পর থেকেই দেশের অন্যান্য অঞ্চলের মতো রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার শ্রমিকদের সমান অধিকার চর্চা নিশ্চিতের জন্য শ্রম আইনে সংস্কার আনতে কর্মপরিকল্পনায় বাংলাদেশ সরকারকে বলা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ২০১৩ সালের জুনে বাংলাদেশের জিএসপি স্থগিত ঘোষণা করার এক মাস পর থেকে তা কার্যকর হয়। ২০১২ সালে জিএসপির আওতায় যুক্তরাষ্ট্রে প্রায় ৩৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে জিএসপির আওতায় নেই। জিএসপির আওতায় বাংলাদেশ তামাক, খেলার সামগ্রী, সিরামিক পণ্য ও প্লাস্টিকের সামগ্রী রপ্তানি করে যুক্তরাষ্ট্রে।