আপাতত দায়িত্ব পালন করবেন রোকেয়া আক্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে যাবেন রোকেয়া আক্তার বেগম। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হস্তক্ষেপ কামনা করে শিক্ষকদের আবেদনের পরদিন গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় এই মৌখিক নির্দেশনা দিয়েছে।সূত্র জানায়, শিক্ষামন্ত্রী গতকাল শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ শিক্ষার শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে ওই প্রতিষ্ঠানের উদ্ভূত পরিস্থিতি নিয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেন। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে ১ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার বিভিন্ন কর্মকাণ্ড রোকেয়া আক্তার বেগমকে সম্পন্ন করতে বলা হয়। জানা যায়, ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন গতকালই রোকেয়া আক্তারকে দায়িত্ব পালন করে যেতে বলেছেন।২৫ মার্চ পরিচালনা পরিষদের সভায় রোকেয়া আক্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দিয়ে আরেকজন শিক্ষককে ওই দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আদালতের নির্দেশ নিয়ে রোকেয়া আক্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। উদ্ভূত এই পরিস্থিতিতে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রাশেদ খান মেনন বিদেশে যান।পরিচালনা পরিষদের পক্ষ থেকে চারজন সদস্য গতকাল এক বিবৃতিতে দাবি করেছেন, কয়েকটি সংবাদমাধ্যমে রোকেয়া আক্তারের বর্ণনা অনুযায়ী সংবাদ পরিবেশন করা হচ্ছে। তাঁরা বলেন, পরিচালনা পরিষদের সভাপতি রাশেদ খান মেনন বিদেশে অবস্থান করায় একটি চিহ্নিত মহল মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে রোকেয়া আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বলা হয়, তাঁর কারণেই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। পরিষদের সদস্য দিলীপ রায়, আতাউর রহমানসহ চারজন এই বিবৃতি দেন।রোকেয়া আক্তার বলেছেন, ‘৩৫ বছর শিক্ষকতার পর সম্মানের সঙ্গে যেতে চাই।’ তিনি এ বিষয়ে সবার সহযোগিতা চেয়েছেন।