আপাতত বাড়ছে না বিদ্যুতের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না। কারণ, দাম বাড়ানোর ব্যাপারে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সরকারের শীর্ষ পর্যায়ের সবুজ সংকেত পায়নি। তবে ঈদের পর দাম বাড়ানো হতে পারে। সংশ্লিষ্ট সরকারি সূত্রে এসব খবর জানা গেছে।সূত্র জানায়, সরকার চলতি রমজান মাসে বিদ্যুতের উন্নত স্থিতিশীল পরিস্থিতি জনগণকে দেখাতে চাইছে। সেই লক্ষ্যে এখন দৈনিক ছয় হাজার মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বিদ্যুৎ পরিস্থিতির এই উন্নতি দেখিয়ে ঈদের পর দাম বাড়ানো হবে।এখনই দাম না বাড়ানোর চিন্তা করার আরেকটি কারণ বিদ্যুতের অস্বাভাবিক বিল। সারা দেশের মধ্যবিত্ত শ্রেণীর গ্রাহকেরা অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষুব্ধ। এ ধরনের বিল হওয়ার প্রধান কারণ বিইআরসির করা নতুন গ্রাহক শ্রেণীবিন্যাস (স্লাব)। নতুন এই স্লাবের জন্য যে পরিমাণ বিল আসছে তাতে বিতরণ কোম্পানিগুলোর জন্য বিদ্যুতের দাম আর না বাড়ালেও চলে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গত ৬ জুন পাইকারি পর্যায়ে এবং এরপর বিতরণ কোম্পানিগুলো ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম প্রায় ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিইআরসির কাছে। এর পরিপ্রেক্ষিতে বিইআরসি ১৪ জুলাই পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানিও করেছে।পিডিবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়ার পর থেকে এখন পর্যন্ত একাধিকবার বিইআরসির পক্ষ থেকে গণমাধ্যমকে বলা হয়েছে, প্রস্তাব অনুযায়ী ১ জুলাই থেকে বিদ্যুতের দাম বাড়ানো হতে পারে। তবে গণশুনানির পর বিইআরসি সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে যোগাযোগ করে দাম বাড়ানোর ব্যাপারে সবুজ সংকেত না পেয়ে আপাতত দাম না বাড়ানোর চিন্তা করছে।বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন গতকাল রোববার আপাতত বিদ্যুতের দাম না বাড়ানোর কথা সাংবাদিকদের বলেছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের আমলে এ পর্যন্ত চারবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ দাম বাড়ানো হয় গত মার্চ মাসে।