আপাতত বেসরকারিভাবে জনবল যাবে না মালয়েশিয়ায়
মালয়েশিয়ায় আপাতত বেসরকারি খাতে জনবল পাঠানো হবে না বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তিনি বলেন, সেখানে সরকারিভাবে জনবল পাঠানো হবে। তবে সরকার চাইলে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠনকে (বায়রা) এ কাজে সংযুক্ত করতে পারবে।
আজ সোমবার মন্ত্রণালয়ে মালয়েশিয়া সরকারের প্রতিনিধিদলের সঙ্গে মন্ত্রী সাক্ষাৎ করেন। পরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দুই দেশের সরকারের মধ্যে চুক্তির ভিত্তিতে মালয়েশিয়ায় এত দিন লোক পাঠানো হয়েছে। এটি ছিল জিটুজি পদ্ধতি। আর এখন সরকার জিটুজি প্লাস পদ্ধতিতে জনবল পাঠাবে।
মন্ত্রী আরও বলেন, বেসরকারি পর্যায়ে লোক নিয়ে যাওয়ার প্রস্তাব নিয়ে মালয়েশিয়ার প্রতিনিধিদল আসেনি।
কবে নাগাদ মালয়েশিয়ায় লোক পাঠানো শুরু হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, মাস খানেকের মধ্যে এটি শুরু হতে পারে। জিটুজি প্লাস পদ্ধতিতে একেক জন পাঠাতে কত টাকা খরচ হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ৬০ হাজার টাকা মতো হতে পারে। এখন শ্রমিক, চিকিৎসক, শিক্ষকসহ সব পর্যায়ের জনবল মালয়েশিয়া নেবে বলে তিনি জানান।
ছয় সদস্যের প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন সে দেশের মানবসম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল শরিফউদ্দিন বিন কাশেম।
মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দুই দেশের প্রতিনিধিরা এখন বৈঠক করছেন। বাংলাদেশের প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার।