যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপাতত নতুন করে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানো হচ্ছে না। বিদ্যমান ভাড়ায় চলবে।
যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল বুধবার মন্ত্রীর সভাপতিত্বে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী জানান, মালিক সমিতি ঐক্য পরিষদের নেতারা অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, যথাযথভাবে মিটার অনুসরণ করা এবং যাত্রী হয়রানি বন্ধের বিষয়ে তাঁকে আশ্বস্ত করেছেন।
সভায় বিআরটিএর পরিচালকের (প্রশাসন) নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
সভায় সড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, অতিরিক্ত সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান গণি এবং সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।