আপাতত হাসপাতালেই থাকছে শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় মাকে হারিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন সেই শিশুটিকে এখনই ‘স্বজনদের’ কাছে হস্তান্তর করা হচ্ছে না। চিকিত্সা শেষে প্রয়োজনে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে তাকে ‘স্বজনদের’ হাতে তুলে দেওয়া হবে।

আজ সোমবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা  ও পশ্চিমাঞ্চল হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) ইসরাইল হাওলাদার।

এসপি ইসরাইল হাওলাদার জানান, শিশুটির ‘স্বজন’ দাবি করা ব্যক্তিদের দেওয়া তথ্য-উপাত্ত যাচাইবাছাই করে দেখা হচ্ছে। ওই ব্যক্তিরা এখনো নিশ্চিত করতে পারেননি যে তাঁরাই শিশুটির প্রকৃত ‘স্বজন’।

গতকাল রোববার হাসপাতালে গিয়ে নিজেদের শিশুটির বাবা, দাদা-দাদি, নানা-নানি দাবি করেন কয়েকজন নারী-পুরুষ। এর পরই ডিএনএ পরীক্ষার প্রসঙ্গ আসে।

৫ জুলাই গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাঁটাখালী সেতুসংলগ্ন হাওয়াখানা এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকের চাপায় শিশুটির মা মারা যান। শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিত্সাধীন শিশুটি।

গত বুধবার প্রথম আলোয় ‘প্রিয় মুখ খুঁজছে শিশুটি’ ও গত শুক্রবার ‘প্রিয় মুখ খুঁজে পায়নি শিশুটি’ শিরোনামে দুটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদন প্রকাশের পর দেশ-বিদেশের বহু মানুষ শিশুটির দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।