সরকারের মেয়াদ ফুরোচ্ছে অক্টোবরের শেষ নাগাদ। হাতে সময় বড়জোর দুই মাস। ক্ষমতাসীন আওয়ামী লীগ, প্রধান বিরোধী দল বিএনপি নিজ নিজ অবস্থানে অনড়। তৃতীয় শক্তি জাতীয় পার্টি বলছে, তারা বিরোধী দলবিহীন নির্বাচনে অংশ নিয়ে ‘কোলাবরেটর’ হতে চায় না। সব দিক বিচার করে বিশ্লেষকেরা বলছেন, সময় নেই। জানালা বন্ধ হয়ে যাচ্ছে। আপাতদৃষ্টে সংঘাত অনিবার্য।
সংঘাতময় পরিস্থিতির আশঙ্কা তৈরি হয় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের পর। গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারব্যবস্থা সম্পর্কে বর্তমান সংবিধান থেকে এক চুল না নড়ার ঘোষণা দেন। একই দিনে প্রধান বিরোধী দল বিএনপি স্পষ্ট জানিয়েছে, বর্তমান সংবিধানের অধীনে জাতীয় নির্বাচন হলে তারা অংশ নেবে না।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দায়িত্বশীল একটি সূত্র বলছে, সরকার প্রয়োজনে জাতিসংঘ ও অন্যান্য প্রভাবশালী দেশগুলোকে সুষ্ঠু নির্বাচনের ‘গ্যারান্টিপত্র’ (নিশ্চয়তাপত্র) দেবে। ১৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে একবার তো নির্বাচন শুরু হতে হবে। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বিষয়টিকে পরিষ্কার করেছেন এভাবে, ‘শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।’ নির্বাচনকালীন সরকারপ্রধান হিসেবে শেখ হাসিনাই থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সরাসরি উত্তর না দিয়ে বলেছেন, সংবিধানে সব বলা আছে। তিনি আরও বলেছেন, নির্বাচন কমিশন এখন যথেষ্ট শক্তিশালী। সুষ্ঠুভাবে বেশ কিছু নির্বাচন তারা সম্পন্ন করেছে।
এর আগে ১৯৯৬ সালে বিএনপি সরকার মেয়াদের শেষ পর্যায়ে দলীয় সরকারের অধীনে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৫ ফেব্রুয়ারির ওই নির্বাচনের পর গঠিত সরকারের স্থায়িত্ব ছিল মাত্র ১৫ দিনেরও কম। ওই সরকারের আমলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যুক্ত করা হয়।
চলমান পরিস্থিতি সম্পর্কে দেশের রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন, বাংলাদেশের যে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতি, সেটিতে সরকারের ইচ্ছায় ‘স্বাধীন’ প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। কোনো ‘গ্যারান্টিপত্রই’ সেখানে হালে পানি পাবে না। এ ছাড়া বিরোধী দলবিহীন এবং সন্তোষজনক ভোটার উপস্থিতি ছাড়া নির্বাচন হলে তা কোনো মানদণ্ডেই ঘরে-বাইরে কারও কাছে গ্রহণযোগ্য হবে না।
এ প্রসঙ্গে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান প্রথম আলো ডটকমকে বলেন, ‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এত দিন তা-ই ভাবছিলাম। গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যে আমি হতভম্ব। আশা করেছিলাম সংকট উত্তরণে কিছু না কিছু ইঙ্গিত থাকবে। তিনি কেবল তাঁর অনড় অবস্থানের কথাই জানালেন।’ হাফিজউদ্দিন খান বলেন, সমস্যা সমাধানে প্রভাবশালী দেশগুলোর দিকে তাকিয়ে থাকাটা কোনো সমাধান নয়।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত্ হোসেন ‘সার্বজনীন ভোট’ নিয়ে তাঁর সংশয় প্রকাশ করেছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, প্রধান বিরোধী দল বিএনপি ভোট পেয়েছিল ৩৫ শতাংশ, জাতীয় পার্টি সাড়ে ৭ শতাংশ। আওয়ামী লীগ ৪৪ শতাংশ ভোট পেলেও, কমপক্ষে ১০ শতাংশ ভোটার আগের সরকারের ওপর ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগকে তখন ভোট দিয়েছিল। এই ভোটাররা আওয়ামী লীগের সমর্থক নন। সেদিক বিবেচনায় প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচনের মানে হলো প্রায় ৫৫ শতাংশ ভোটারকে বাইরে রেখে নির্বাচন করা। জাতিসংঘের যে সিদ্ধান্ত (রেজোলিউশন) সে হিসাবে ভোট গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, ‘সময় কম। জানালা ক্রমে বন্ধ হয়ে যাচ্ছে। নাটকীয় কোনো ঘটনা ঘটারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।’
রাজনৈতিক ভাষ্যকার মিজানুর রহমান শেলী বলেছেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে সংঘাত অনিবার্য। দুই পক্ষই অনড়, অটল অবস্থানে রয়েছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়কণ্ঠে বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আপস নয়। দেশে প্রচলিত সংবিধানের আলোকেই নির্বাচন হবে। আর এতে বিরোধী দলের আপত্তি, প্রতিরোধ। এর পরিপ্রেক্ষিতে সংঘাতের চিন্তা আসতেই পারে। সংঘাত কী করে এড়ানো যাবে তা-ও কারও জানা নেই। তিনি বলেন, ‘বিশ্বের নানা জায়গায় অস্থিরতা চলছে, নতুন করে এ দেশে কোনো অস্থিরতা হলে কেউ উত্তরণে এগিয়ে আসবে না। আমরা নিজেরা মারামারি কাটাকাটি করে মরব।’ নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী, নির্বাচন সুষ্ঠু করার ক্ষমতা আছে প্রতিষ্ঠানটির এমন দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, দেশের যে রাজনৈতিক, প্রশাসনিক সংস্কৃতি, তাতে কোনো স্বাধীন প্রতিষ্ঠানই স্বাধীনভাবে কাজ করতে পারে না। যিনি ক্ষমতায় থাকেন তিনি তাঁর ইচ্ছেমতো প্রতিষ্ঠানগুলোকে চালান।