আপাদমস্তক রাজনীতিক ছিলেন মিজান চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী একজন আপাদমস্তক রাজনীতিক ছিলেন। গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। এমনকি বঙ্গবন্ধু যখন বাকশাল প্রতিষ্ঠা করেন, তখনো এক কথায় তা সমর্থন করতে পারেননি। কিন্তু সেই তিনি কেন সামরিক শাসকের দল জাতীয় পার্টিতে যোগ দিলেন—সেটাই বড় প্রশ্ন।
গতকাল শনিবার বিকেলে প্রেসক্লাবে মিজানুর রহমান চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় আলোচকেরা এসব কথা বলেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, মিজানুর রহমান চৌধুরীর বিকল্প তিনি নিজে। দেশ ও দলের যেকোনো ক্রান্তিলগ্নে একজন কান্ডারির ভূমিকায় আবির্ভূত হতেন তিনি। জীবদ্দশায় রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালনের স্মৃতিচারণা করে ফজলে রাব্বী মিয়া বলেন, ‘রাজনৈতিক ম্যানার কী, গণতন্ত্র কী, মানুষের কল্যাণ কীভাবে করতে হয়, তা তিনি হাতেকলমে শিখিয়েছেন।’
মিজান চৌধুরীকে একজন খান্দানি রাজনীতিক অভিহিত করে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘তাঁর বাড়ি ছিল কর্মীদের অবাধ বিচরণক্ষেত্র। তিনি কর্মীদের খুব ভালোবাসতেন। তাঁর রাজনৈতিক দৃঢ়তা এখনো আমাকে অবাক করে।’
মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘রাজনীতির অতি জটিল ও কঠিন সমালোচনাও অত্যন্ত সুন্দরভাবে করতেন মিজান চৌধুরী। যদিও এখন আমরা সে রকম ভাষায় কথা বলি না। এখন আমরা বিদ্বেষের রাজনীতি করি। কে কত নোংরা ভাষায় বলতে পারি, সে প্রতিযোগিতা হয়।’ তিনি বলেন, মিজান চৌধুরী ছিলেন পরমতসহিষ্ণু, আত্মমর্যাদাবোধসম্পন্ন উদার মনের মানুষ। বঙ্গবন্ধুর কিছু বৈশিষ্ট্য তিনি যতটা রপ্ত করতে পেরেছিলেন, অন্যরা ততটা পারেননি।
মিজান চৌধুরীর জাতীয় পার্টিতে যোগদানের প্রেক্ষাপট উল্লেখ করে ওই দলের সাবেক নেতা সাঈদ তারেক বলেন, বস্তুত রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে এনে সামরিক বাহিনীকে ব্যারাকে ফেরাতেই তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন।
মিজানুর রহমান স্মৃতি সংসদ এ স্মরণসভার আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্ব মিজান চৌধুরীর ছেলে আমান উল্লাহ চৌধুরীসহ তাঁর রাজনৈতিক সহকর্মীরা বক্তব্য দেন।