মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডের রায়ের বিরুদ্ধে বাদী ও বিবাদীর করা আপিল আজ রোববার আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চে এসব আপিল কার্যতালিকায় রয়েছে।১০ মার্চ আপিল বিভাগ ৩১ মার্চ আপিল শুনানির দিন ধার্য করেছিলেন। নতুন চার বিচারপতি নিয়োগের পর গতকাল রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, ‘বেঞ্চ সি’তে আপিল বিভাগের কার্যতালিকার ১২ নম্বর ক্রমিকে আপিল দুটি রয়েছে। অপর পাঁচ বিচারপতি হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আবদুল ওয়াহহ্াব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। তাঁদের মধ্যে বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী নতুন নিয়োগ পেয়েছেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। পরে ৩ মার্চ কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল করে রাষ্ট্রপক্ষ। তবে ওই সাজা বাতিল চেয়ে অব্যাহতির আরজি জানিয়ে পরদিন সংশ্লিষ্ট শাখায় আপিল করেন কাদের মোল্লা।