আপিল করার কথা ভাবছে না আযাদের পরিবার
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের পরিবার রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছে না। পলাতক আযাদের মেয়ে সামানিয়া জান্নাত গতকাল প্রথম আলোকে এ কথা বলেছেন।গতকাল বিকেলে ঢাকার উত্তরখানের চানপাড়ায় আযাদের বাসা ‘আযাদ ভিলায়’ সামানিয়ার সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কোনো প্রতিক্রিয়া নেই।’ আপিল করার কথা ভাবছেন কি না, জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘না, না প্রশ্নই ওঠে না। আপিল করব কীভাবে? আমরা এখন পর্যন্ত জানিই না, আমাদের বাবা কোথায় আছেন?’ বাবা কোথায় জানার চেষ্টা করেছেন কি না, এ প্রশ্নের জবাবে সামানিয়া বলেন, ‘জানার চেষ্টা করলেই কি আর জানা যায়? আপনার বাবা যদি নিখোঁজ হতেন তাহলে আপনি কী করতেন? জানার চেষ্টা করতেন, কান্নাকাটি করতেন। তেমনি আমরাও করছি।’একাত্তরে বাবার ভূমিকা সম্পর্কে কিছু জানতেন না দাবি করে এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে সামানিয়া বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাঁর ভূমিকা সম্পর্কে শুনেছেন। তিনি বলেন, ‘দেখুন একাত্তর কিন্তু অনেক দূরে। এখন থেকে ৪২ বছর আগের কথা। এখন আমার বয়স ২৮। ওই সময় কী হয়েছে তা আমার পক্ষে জানা সম্ভব নয়।’সামানিয়া জানান, তাঁরা দুই ভাই, এক বোন। তিনি একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। বাবার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে বাইরে কোথাও যাননি।’