আপিল করেছেন আজহারুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে পাওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।
আজ বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি করেন আজহারুলের আইনজীবী। পরে আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, আপিলে আজহারুলকে দেওয়া দণ্ড বাতিল এবং তাঁকে খালাসের আরজি জানানো হয়েছে। সাক্ষীদের দেওয়া বক্তব্যে বৈপরীত্য আছে। এ ধরনের বৈপরীত্য তুলে ধরাসহ আপিলে ১১৩টি যুক্তি দেওয়া হয়েছে। মূল আপিল ৯০ পৃষ্ঠার। দুই হাজার ৩৪০ পৃষ্ঠার তথ্য বা প্রয়োজনীয় দলিলপত্র দাখিল করা হয়েছে।
গত বছরের ৩০ ডিসেম্বর আজহারুলকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মুক্তিযুদ্ধের সময় রংপুরের আলবদর নেতা ছিলেন তিনি। তাঁর নেতৃত্বে ও সহযোগিতায় আলবদর, রাজাকার ও পাকিস্তানি সেনারা রংপুরে এক দিনে এক হাজার ২০০ মানুষকে হত্যা করে, গণহত্যা চালায় হিন্দুধর্মাবলম্বীদের ওপর। এসব অপরাধের দায়ে তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।
বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়, আজহারুলের বিরুদ্ধে গঠন করা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এর মধ্যে গণহত্যা, হত্যা ও অগ্নিসংযোগের তিনটি অভিযোগে তাঁকে সর্বোচ্চ সাজা (মৃত্যুদণ্ড) দেওয়া হয়। ধর্ষণ, অপহরণ, আটক ও নির্যাতনের দুটি অভিযোগে তাঁকে মোট ৩০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে মৃত্যুদণ্ডের একটি সাজা কার্যকর হলে বাকি সাজাগুলো এর সঙ্গে একীভূত হয়ে যাবে। প্রমাণিত না হওয়ায় হত্যার একটি অভিযোগ থেকে তিনি খালাস পান।

তিন অভিযোগে ফাঁসি: দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজহারুলকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।
দ্বিতীয় অভিযোগ অনুসারে, একাত্তরের ১৬ এপ্রিল আজহারুলের নেতৃত্বে রাজাকার ও পাকিস্তানি সেনারা রংপুরের বদরগঞ্জ থানার ধাপপাড়ার ১৫ জন নিরস্ত্র বাঙালিকে গুলি করে হত্যা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে।
তৃতীয় অভিযোগে বলা হয়, ১৭ এপ্রিল বদরগঞ্জের ঝাড়ুয়ার বিল এলাকায় প্রায় এক হাজার ২০০ মানুষকে হত্যা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাকিস্তানি সেনাদের সঙ্গে এই নির্বিচার হত্যাযজ্ঞে আজহারের নেতৃত্বে রাজাকাররা অংশ নেয়।
চতুর্থ অভিযোগে বলা হয়, আজহারের সহযোগিতায় একাত্তরের ১৭ এপ্রিল পাকিস্তানি সেনারা রংপুর কারমাইকেল কলেজের চার শিক্ষক কালাচাঁদ রায়, সুনীল বরণ চক্রবর্তী, রামকৃষ্ণ অধিকারী ও চিত্তরঞ্জন রায় এবং কালাচাঁদ রায়ের স্ত্রী মঞ্জুশ্রী রায়কে কলেজ ক্যাম্পাস থেকে অপহরণ করে দমদমা সেতুর কাছে নিয়ে গুলি করে হত্যা করে। ট্রাইব্যুনাল রায়ে বলেন, দ্বিতীয় ও তৃতীয় অভিযোগে মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যা ও অগ্নিসংযোগ এবং চতুর্থ অভিযোগে গণহত্যা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
দুই অভিযোগে ৩০ বছর কারাদণ্ড: পঞ্চম ও ষষ্ঠ অভিযোগে অপহরণ, আটক রাখা, নির্যাতন ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আজহারকে ৩০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এর মধ্যে পঞ্চম অভিযোগে ২৫ বছর ও ষষ্ঠ অভিযোগে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পঞ্চম অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধকালে আগস্টের প্রথম সপ্তাহে আজহারের উসকানিতে পাকিস্তানি সেনারা এক নারীকে রংপুরের টাউন হলে নিয়ে ১৯ দিন আটকে রেখে ধর্ষণ করে। পাকিস্তানি সেনা, আলবদর ও রাজাকাররা বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষদের অপহরণ করে টাউন হলে আটকে রেখে তাঁদের ওপর নির্যাতন চালাত। পাকিস্তানি সেনাদের পাশবিক নির্যাতনের শিকার ওই নারী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।
ষষ্ঠ অভিযোগ অনুসারে, একাত্তরের নভেম্বরের মাঝামাঝি আজহারুলের নেতৃত্বে আলবদর ও রাজাকাররা রংপুর শহরের গুপ্তপাড়ার এক ব্যক্তিকে নির্যাতন এবং ১ ডিসেম্বর শহরের বেতপট্টি থেকে এক ব্যক্তিকে অপহরণ করে রংপুর কলেজের মুসলিম ছাত্রাবাসে নিয়ে আটকে রেখে নির্যাতন করে।
এক অভিযোগ থেকে খালাস: প্রথম অভিযোগ থেকে খালাস পেয়েছেন আজহার। এ অভিযোগ অনুসারে, আজহারের নেতৃত্বে রাজাকাররা একাত্তরের ২৪ মার্চ থেকে ২৭ মাচের্র মধ্যে রংপুরের এক আইনজীবীসহ ১১ জনকে অপহরণের পর আটকে রেখে নির্যাতন করে। ৩ এপ্রিল তাঁদের শহরের দখিগঞ্জ শ্মশানে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এ অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি।