বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালসংক্রান্ত প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ।গতকাল মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা সরকারের করা চারটি লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে চার আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়।জানা যায়, গত ১২ এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ৮৫ কর্মকর্তার আপিল মঞ্জুর করে চাকরিতে পুনর্বহালের পক্ষে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে সরকার ১০ জুন চারটি লিভ টু আপিল করে। গতকাল তা চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করা হয়।আদালতে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক, নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী শাহদীন মালিক ও কর্মকর্তাদের পক্ষে আইনজীবী সালাহউদ্দিন মামলা পরিচালনা করেন।শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। জানা যায়, ২০০৫ সালের ৩ সেপ্টেম্বর সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ৩২৭ জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নির্বাচিত করা হয়। জোট সরকারের সময় নিয়োগ নিয়ে বিতর্ক ওঠার পর ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে নির্বাচিত ওই ব্যক্তিদের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। তাঁদের মধ্যে ৮৫ জন ওই বছরের ৩ সেপ্টেম্বর চাকরিচ্যুত হন। এর বিরুদ্ধে চাকরিচ্যুত ব্যক্তিরা প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করলে গত বছরের ২৩ মার্চ তা খারিজ করে রায় দেওয়া হয়। এর বিরুদ্ধে তাঁদের করা আপিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল মঞ্জুর করেন।